ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়েছেন এবং বর্তমানে পানিশূন্যতা ও অন্ত্রের প্রদাহে ভুগছেন। এজন্য তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পূর্ণ বিশ্রামের পরামর্শও দেওয়া হয়েছে।
রোববার রাতে নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী এই নেতা আগামী তিন দিন নিজের বাসায় থেকেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন।
প্রধানমন্ত্রীর হঠাৎ অসুস্থতা ঘিরে কিছুটা উদ্বেগ দেখা দিলেও, দপ্তরের ভাষ্য অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার অবস্থা স্থিতিশীল এবং এই মুহূর্তে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।
এটি প্রথম নয়—নেতানিয়াহুর স্বাস্থ্য গত এক বছরে একাধিকবার আলোচনায় এসেছে। ২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়েছিল, আর ডিসেম্বর মাসে প্রোস্টেট সমস্যা দেখা দিলে অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়।
সাম্প্রতিক অসুস্থতার কারণ হিসেবে খাবারের বিষক্রিয়া উল্লেখ করা হলেও এর পেছনে কী ধরনের খাবার ছিল, কিংবা কিভাবে এই অবস্থা হলো—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
নেতানিয়াহু বর্তমানে গাজায় চলমান যুদ্ধ, রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মুখে রয়েছেন। এমন এক সময়েই তার শারীরিক অসুস্থতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে যখন গোটা দেশ রাজনৈতিক উত্তেজনায় টালমাটাল।
তবে চিকিৎসকদের বিশ্বাস, কয়েক দিনের বিশ্রামেই তিনি সুস্থ হয়ে আবার পূর্ণ দায়িত্বে ফিরতে পারবেন।

