ভারতের সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২১ জুলাই) ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের শুরুতে সংসদ চত্বরে দেওয়া বক্তব্যে তিনি ‘অপারেশন সিন্দুর’-এর উদাহরণ টেনে এই মন্তব্য করেন।
মোদি বলেন, “২২ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। এটি আমাদের সেনাবাহিনীর মেইড ইন ইন্ডিয়া শক্তির প্রমাণ।” তিনি আশা প্রকাশ করেন, শাসকদল ও বিরোধীপক্ষ- উভয়েই এই অভিযানের বিষয়টি সংসদে একসুরে তুলে ধরবে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী মোদির ভাষায়, অপারেশন সিন্দুর ভারতের আত্মরক্ষার অঙ্গীকার ও কৌশলগত সক্ষমতার বাস্তব উদাহরণ। এ ধরনের সফল অভিযানের ফলে বিশ্ব এখন ভারতের প্রতিরক্ষা খাতে আগ্রহ দেখাচ্ছে। ভারতীয় অস্ত্রশস্ত্রের প্রতি আন্তর্জাতিক আস্থাও বাড়ছে বলে জানান তিনি।
প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতার প্রসঙ্গ তুলে ধরে মোদি বলেন, ‘মেইড ইন ইন্ডিয়া’ অস্ত্র এখন বিশ্বে আস্থা তৈরি করছে, যা ভারতের প্রতিরক্ষা উদ্যোগের জন্য বড় অর্জন।
সামরিক অর্জনের পাশাপাশি প্রধানমন্ত্রী ভারতের মহাকাশখাতের উন্নয়নও তুলে ধরেন। তিনি বলেন, ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণ দেশের জন্য এক গর্বের মুহূর্ত। তার মতে, এটি প্রমাণ করে যে, ভারত কেবল ভূ-পৃষ্ঠে নয়, মহাকাশেও নিজেদের সক্ষমতা ছড়িয়ে দিচ্ছে।
অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার ইঙ্গিত দিয়েছে, সংসদে অপারেশন সিন্দুর নিয়ে প্রয়োজনে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যস্থতা নিয়েও সরকার সংসদে অবস্থান ব্যাখ্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

