ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে ফেরিটি এবং যাত্রীরা আতঙ্কে পানিতে লাফ দিচ্ছেন।
দুর্ঘটনাটি ঘটে যখন কেএম বার্সেলোনা পাঁচ নামের ফেরিটি তালুড দ্বীপ অঞ্চল থেকে উত্তর সুলায়েসি প্রদেশের মানাডোর দিকে যাচ্ছিল। ফেরিতে আগুন লাগার পর ২৮০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।
নিহতদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারী রয়েছেন। ঘটনার সময় যাত্রীদের অনেকেই লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দেন- এমন দৃশ্য দেখা গেছে ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি প্রকাশিত ছবিতেও।
এই মর্মান্তিক ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগেই বালির উপকূলে আরেকটি ফেরি উল্টে ১৯ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। ফেরিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

