ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের দাবিতে একযোগে কড়া বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে বিশ্বের ২৫টি দেশ। বিবৃতিতে গাজাবাসীর চলমান দুর্ভোগকে “নতুন মাত্রার মানবিক বিপর্যয়” হিসেবে উল্লেখ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার আল জাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
আন্তর্জাতিক এই বিবৃতি এমন সময়ে এল যখন গাজা যুদ্ধ ২১ মাস পার করেছে এবং ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। বিবৃতিতে বলা হয়, “গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। যুদ্ধ এখনই থামাতে হবে।”
এছাড়া যুদ্ধবিরতির দ্রুত বাস্তবায়ন, হামাসের হাতে আটক বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তা প্রবাহে ইসরায়েল যেন কোনো বাধা না দেয়, সে বিষয়েও জোর দাবি জানানো হয়।
উল্লেখযোগ্যভাবে, বিবৃতিতে খাবার, পানি ও ওষুধ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো ফিলিস্তিনিদের বিষয়টি ‘অমানবিক’ আখ্যা দিয়ে বলা হয়, “এভাবে মানবিক সহায়তা সরবরাহ বিপজ্জনক হয়ে উঠেছে। ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় দায়িত্ব পালনে বাধ্য করতে হবে।”
জাতিসংঘ এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মে মাস থেকে এখন পর্যন্ত অন্তত ৮৭৫ জন ফিলিস্তিনি খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। যদিও মে মাসের শেষে ইসরায়েল কিছুটা অবরোধ শিথিল করে, তবুও তা মানবিক চাহিদা মেটানোর পক্ষে ছিল পর্যাপ্ত নয়।
লন্ডন থেকে আল জাজিরার প্রতিনিধি সোনিয়া গালেগো জানান, “এটি শুধু ইউরোপ নয়, বিশ্বের বৃহত্তর অংশের একাত্মতার প্রতিফলন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এমনকি জাপানও এই বিবৃতিতে স্বাক্ষর করেছে।” তিনি আরো বলেন, “ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের এমন অবস্থান এ সংকটের তাৎপর্য তুলে ধরছে।”
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও পার্লামেন্টে বলেন, “এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই। পরবর্তী যুদ্ধবিরতিই হতে হবে শেষ যুদ্ধবিরতি।” একই সঙ্গে তিনি সংকট সমাধানে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন।
অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগেই বলেছিলেন, হামাসের ওপর চাপ সৃষ্টি করতে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা হবে। যদিও হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

