যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এই কর্মসূচি ইরানের জাতীয় গর্ব এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। অন্যদিকে ইরানের এই অবস্থানকে কেন্দ্র করে ফের হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার টিআরটি ওয়ার্ল্ড প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তাতে বলা হয়, গত ২২ জুন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তিনটি পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে ছিল ভূগর্ভস্থ ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রও। হামলার পেছনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধ ছিল মূল প্রেক্ষাপট।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, “এই মুহূর্তে সমৃদ্ধকরণ বন্ধ রয়েছে, কারণ হামলায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে এটি কখনও চিরতরে ত্যাগ করব না। এটি আমাদের বৈজ্ঞানিক অর্জন এবং জাতীয় স্বার্থের অংশ।” তিনি জানান, যেকোনো ভবিষ্যতের পারমাণবিক চুক্তিতেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত।
হামলার ফলে ইরানের কিছু স্থাপনায় “গভীর ক্ষতি” হয়েছে বলে স্বীকার করলেও আরাগচি জোর দিয়ে বলেন, “ইরানের পারমাণবিক প্রযুক্তি ধ্বংস হয়নি। এটি আমাদের নিজস্ব জ্ঞান, যেটি বাইরে থেকে এনে বসানো নয় যে বোমা ফেলে ধ্বংস করা যাবে।”
উল্লেখযোগ্যভাবে, এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আবারো হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমি যা বলেছিলাম, তা-ই করেছি। আর প্রয়োজনে আবারো করব!” একই সঙ্গে সিএনএন-এর এক প্রতিবেদনের সমালোচনা করে তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে বরখাস্ত করার দাবিও তোলেন। প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন হামলা ইরানের কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত করতে পেরেছে।
আরাগচি আরো জানান, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলায় পারমাণবিক উপকরণ ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি বিশ্লেষণ করছে। তবে তিনি স্পষ্ট করে বলেননি, কতটা ইউরেনিয়াম রক্ষা করা গেছে। তার ভাষায়, “আমরা ক্ষতিগ্রস্ত হলেও প্রযুক্তি ও সক্ষমতা আমাদের নিজের, যেটি আমরা পুনর্গঠন করতে পারি।”
পররাষ্ট্রনীতিতে আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি না হলেও আমরা আলোচনায় বসতে রাজি, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বাস্তবসম্মত প্রস্তাব আসে। আমাদের কর্মসূচির শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রমাণে যেকোনও বিশ্বাসযোগ্য পদক্ষেপে যেতে প্রস্তুত আমরা।”
সাক্ষাৎকারে তিনি আরও জানান, ইসরায়েলের হামলায় ক্ষয়ক্ষতির পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রাখবে। তার ভাষায়, “আমাদের হাতে এখনো প্রচুর ক্ষেপণাস্ত্র আছে, যা দিয়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।”
এই পাল্টাপাল্টি অবস্থান নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা বাড়াচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত অবস্থান এবং ইরানের পারমাণবিক অধিকার সংক্রান্ত দাবির পরিপ্রেক্ষিতে পারমাণবিক সমঝোতার ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

