রাশিয়ার পূর্বাঞ্চলের বরফ-ঠাসা ইয়াকুটিয়া অঞ্চল। ঘন কুয়াশা আর কঠিন শ্রমের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে বেঁচে থাকা মানুষের জীবন এখানে। সোমবার ভোরে সেই যুদ্ধে হেরে গেলেন অন্তত ১৩ জন খনি শ্রমিক। কর্মস্থলে যাওয়ার সময় তাঁদের বহনকারী একটি বাস খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
স্থানীয় সময় তখন মাত্র ভোর ৩টা ২০। গভীর ঘুমে যখন শহর ডুবে, তখন একদল শ্রমিক দিনভর খনির অন্ধকারে কাজ করতে বের হচ্ছিলেন। কিন্তু ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছিল ভয়ংকর এক ট্র্যাজেডি নিয়ে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি ‘ডেনিসভস্কি মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্ট’-এর শ্রমিকদের নিয়ে শিল্প এলাকার দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। মুহূর্তেই উল্টে যায় যানটি। যে যাত্রা ছিল জীবিকার, সেটি রূপ নেয় মৃত্যুর দিকে ছুটে চলা এক ভয়াবহ যাত্রায়।
দুর্ঘটনার পর রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসটির বিধ্বস্ত ছবি প্রকাশ করে। ভেঙে চুরমার হয়ে যাওয়া বাসের ধ্বংসাবশেষ যেন সাক্ষ্য দিচ্ছে ভোরের সেই বিভীষিকার।
মর্মান্তিক এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইয়াকুটিয়ার স্থানীয় প্রশাসন মঙ্গলবারকে ‘শোক দিবস’ ঘোষণা করেছে।
তদন্তকারীরা ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছেন। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— চালকের অসাবধানতা কিংবা বাসটির যান্ত্রিক ত্রুটিই এই বিপর্যয়ের মূল কারণ হতে পারে।
উল্লেখ্য, রাশিয়ায় শিল্প সংশ্লিষ্ট দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। নানা নিরাপত্তা ত্রুটি ও কাঠামোগত দুর্বলতার কারণে এসব দুর্ঘটনায় প্রতিবছরই প্রাণ হারাচ্ছেন অসংখ্য শ্রমিক।
এই ঘটনা কেবল একটি সংখ্যার খবর নয়, বরং প্রতিটি হারিয়ে যাওয়া প্রাণের পেছনে ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, কিছু অপেক্ষা। রুটিনের জীবনকে পেছনে ফেলে যাঁরা প্রতিদিন খনির অন্ধকারে নামতেন, তাঁদের কেউই ভাবেননি, এ যাত্রা হবে শেষ যাত্রা।

