রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন দফার শান্তি আলোচনা বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার রাতে দেওয়া নিয়মিত ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি জানান, ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনায় বন্দিবিনিময়ের প্রস্তুতি এবং রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে তুরস্কে একটি বৈঠক আয়োজনের বিষয়টি উঠে আসে। জেলেনস্কি বলেন, “উমেরভ জানিয়েছেন, বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে।”
এই শান্তি আলোচনার প্রস্তাব এমন এক সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন, ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এর আগে মে ও জুন মাসেও তুরস্কের ইস্তাম্বুলেই বৈঠক হয়েছিল কিন্তু সেগুলোতে কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি। চলমান যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এটিই হচ্ছে যুদ্ধ থামানোর আরো একটি প্রচেষ্টা।
রাশিয়া এখনও এ আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে রুশ বার্তা সংস্থা আরআইএ একটি সূত্রের বরাতে জানিয়েছে, আলোচনার মেয়াদ দুই দিন হতে পারে- বৃহস্পতিবার ও শুক্রবার।
তুরস্ক সরকারের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, আলোচনার স্থান নির্ধারিত হয়েছে ইস্তাম্বুলে। এই আলোচনায় বন্দিবিনিময় এবং প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য সরাসরি বৈঠকের বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
এদিকে, যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদের পরিবর্তে মস্কোর অবস্থান এখনো কঠোর। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সাংবাদিকদের বলেন, “দুই পক্ষ সম্পূর্ণ বিপরীত অবস্থানে আছে। এখনও অনেক কূটনৈতিক কাজ বাকি।“
রাশিয়ার সাম্প্রতিক হামলা ইউক্রেনের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে জোরদার হয়েছে। এতে করে বেসামরিক হতাহতের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রসঙ্গত, তিন বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শান্তি আলোচনার এই নতুন উদ্যোগ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।

