ডেমোক্রেটিক নেত্রী ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির পুরনো মামলা ফের নতুন করে আলোচনায় এসেছে। সদ্য প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ওবামা প্রশাসনের সময় হিলারির ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার ও অতি গোপন নথিপত্রের অপব্যবহার সঠিকভাবে তদন্ত করেনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই।
২০১৮ সালের জুনে মার্কিন বিচার বিভাগের ইনস্পেক্টর জেনারেলের একটি রিপোর্ট সম্প্রতি জনসমক্ষে এসেছে। এতে উল্লেখ করা হয়েছে, এফবিআই একটি গোপন সূত্রের মাধ্যমে কিছু থাম্ব ড্রাইভ জব্দ করে, যেগুলোর মধ্যে সাইবার অনুপ্রবেশের মাধ্যমে সংগৃহীত সংবেদনশীল তথ্য এবং তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার ইমেইলও ছিল। কিন্তু সংস্থাটি এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যথাযথভাবে আমলে নেয়নি বলে অভিযোগ করা হয়।
রিপোর্টটি সামনে আসার কয়েক দিনের মধ্যেই মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড অভিযোগ তোলেন, ওবামা প্রশাসন ইচ্ছাকৃতভাবে ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সংযোগের বিষয়টি ঘিরে ‘মিথ্যা প্রচারণা’ চালিয়েছে। রিপাবলিকানদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ আরো বাড়ছে, তারা এফবিআই ও ওবামা প্রশাসনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছে।
মার্কিন সিনেটর চাক গ্রাসলির কার্যালয় সোমবার (২১ জুলাই) “ক্লিনটন অ্যানেক্স” শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে অভিযোগ করা হয়, এফবিআইয়ের তৎকালীন পরিচালক জেমস কোমি, উপপরিচালক অ্যান্ড্রু ম্যাককেব, সাবেক এজেন্ট পিটার স্ট্রজোকসহ সংশ্লিষ্টরা গোপন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট তদন্ত পরিচালনায় ব্যর্থ হন, যদিও তাদের হাতে প্রাসঙ্গিক তথ্য ছিল।
চাক গ্রাসলি বলেন, “নতুন প্রকাশিত নথি থেকে স্পষ্ট হয়, হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার এবং অত্যন্ত গোপনীয় তথ্যের ব্যবহারের বিষয়ে এফবিআইয়ের মধ্যে যথাযথ নিষ্ঠা ও পরিশ্রমের ঘাটতি ছিল।”
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ক্লিনটন ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে অসংখ্য ইমেইল আদান-প্রদান করেছিলেন, যার মধ্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্যও ছিল। বিষয়টি প্রথম সামনে আসে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়, যখন হিলারি ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ছিলেন। বিরোধীরা অভিযোগ তোলে, তিনি অনিরাপদ পদ্ধতিতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য আদান-প্রদান করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিলেন।
হিলারি অবশ্য নিজের ব্যক্তিগত সার্ভার ব্যবহারের কথা স্বীকার করলেও সব সময় দাবি করেছেন, তিনি কোনো অন্যায় করেননি। তুমুল বিতর্কের মুখে পড়ে আদালত হিলারির প্রায় ১৪ হাজার ৯০০ ইমেইল এবং তাতে থাকা গোপন নথি খতিয়ে দেখার নির্দেশ দেয়।
এফবিআই পরে তদন্ত শেষে জানায়, ক্লিনটনের বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। সেই সময় সংস্থাটির পরিচালক জেমস কোমি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ইমেইল ব্যবহারের ঘটনা তদন্তের পর দেখা যায়, হিলারির বিরুদ্ধে অভিযোগ আনার মতো তথ্য নেই।
তবে রিপাবলিকান আইনপ্রণেতারা দাবি করছেন, তথ্য আড়াল করে তদন্তকে প্রভাবিত করা হয়েছিল এবং এফবিআই রাজনৈতিক পক্ষপাতিত্ব দেখিয়েছে। তারা তদন্ত পুনরায় চালু করার দাবি তুলেছেন।

