জরুরি প্রয়োজনে ভারতের কেরালায় অবতরণ করে টানা ৩৮ দিন অবস্থানের পর অবশেষে ব্রিটেনের উদ্দেশে উড়াল দিয়েছে যুক্তরাজ্যের বিমান বাহিনীর একটি এফ-৩৫ বি যুদ্ধবিমান। মঙ্গলবার (২১ জুলাই) কেরালার থিরুভানান্থাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে যুদ্ধবিমানটি।
ভারতে ব্রিটেনের হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এফ-৩৫ বি যুদ্ধবিমানটি গত ১৪ জুন যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ভারতের আকাশসীমায় প্রবেশের পর দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জ্বালানির স্বল্পতার কারণে বিমানটির পাইলট জরুরি এসওএস বার্তা পাঠান। বার্তার জবাবে ভারতীয় বিমান বাহিনী সহযোগিতা করে এবং বিমানটিকে কেরালায় নিরাপদে অবতরণ করতে সহায়তা করে।
অবতরণের পরপরই যুদ্ধবিমানটির হাইড্রোলিক যন্ত্রাংশে ত্রুটি ধরা পড়ে। এতে সেটি আবার উড্ডয়ন করতে না পারায় কেরালার বিমানবন্দরেই আটকে থাকে। পরিস্থিতি মোকাবেলায় ৬ জুলাই ব্রিটেন থেকে একটি প্রকৌশল টিম কেরালায় পৌঁছায়। তারা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চালায়। অবশেষে সমস্ত প্রযুক্তিগত কাজ সম্পন্ন হওয়ার পর যুদ্ধবিমানটি উড্ডয়নের উপযোগী বিবেচিত হয় এবং মঙ্গলবার সকালে তা ব্রিটেনের উদ্দেশে রওনা দেয়।
এই যুদ্ধবিমানটি ব্রিটিশ রয়্যাল নেভির বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলস-এর স্ট্রাইক গ্রুপ বহরের অংশ। গত জুনে ইন্দো-প্রশান্ত মহাসাগরে ভারতের নৌবাহিনীর সঙ্গে একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় যুদ্ধবিমানটি। সেখান থেকেই এটি অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
উল্লেখ্য, এফ-৩৫ বি যুদ্ধবিমান বিশ্বের সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেটগুলোর একটি। এটি সংকীর্ণ জায়গা থেকেও উড্ডয়ন ও অবতরণে সক্ষম। মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহেড মার্টিন এই বিমান তৈরি করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ন্যাটো মিত্র রাষ্ট্রগুলো ছাড়া অন্য কোনো দেশের কাছে এই বিমান নেই।

