যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী ২৬ জুলাই ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিষয়টি বুধবার নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তেহরানভিত্তিক আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই বলেন, ইরান ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের এই বন্ধন অত্যন্ত শক্তিশালী। ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে গত মে মাসে পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপে বসে ইরান ও যুক্তরাষ্ট্র। এই সংলাপের মূল লক্ষ্য ছিল একটি সমঝোতামূলক চুক্তির মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে উত্তেজনা প্রশমিত করা। তবে সংলাপ চলাকালীন গত ১২ জুন রাতেই ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সংঘর্ষ ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গড়ায়।
ইরান ও পাকিস্তানের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গাব্দ-রিমদান ও তাফতানসহ একাধিক সীমান্ত ক্রসিং রয়েছে। ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর সীমান্ত ক্রসিংগুলো বন্ধ রেখেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনিরসহ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক নেতা সংঘাতকালীন সময়ে প্রকাশ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছেন।
এ ছাড়া ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সম্প্রতি টেলিফোনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে কথা বলেন। সেই ফোনালাপে পাকিস্তানের বর্ষাকালীন প্রাকৃতিক দুর্যোগে নিহতদের প্রতি শোক জানান মোমেনি।
বিশ্লেষকদের মতে, মাসুদ পেজেশকিয়ানের এই সফর দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক পুনঃজাগরণের পাশাপাশি ইরান-পাকিস্তান সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ঘিরে আলোচনার গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।

