ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম শহরে পশ্চিমবঙ্গের অন্তত ছয়জন মুসলমান বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে আটক করে নির্যাতনের অভিযোগ উঠেছে। আটক ব্যক্তিদের পরিবার জানিয়েছে, গুরুগ্রামের পুলিশ তাদের শারীরিকভাবে নির্যাতন করছে।
আটককৃতরা সবাই মালদা জেলার বাসিন্দা এবং পেশায় ভাসমান শ্রমিক। তারা দীর্ঘ সাত থেকে আট বছর ধরে গুরুগ্রামে অবস্থান করছিলেন। পশ্চিমবঙ্গের শ্রমিক সংগঠন ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ জানিয়েছে, গুরুগ্রাম পুলিশ ওই ছয়জনকে আটকের বিষয়টি তাদের কাছে স্বীকার করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন, “আমি রোববার বাদশাহপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে ফোন করেছিলাম। তিনি স্বীকার করেছেন যে, ওই ছয়জন পুলিশ হেফাজতে আছে। তবে তিনি এটাও বলেছেন, তাদের ‘গ্রেপ্তার’ করা হয়নি।”
এ বিষয়ে মালদা জেলার যুগ্ম শ্রম কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে।
ঘটনার সময়িক গুরুত্ব আরো বাড়ে যখন একই দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতায় তৃণমূল কংগ্রেসের এক সমাবেশে বাংলাভাষীদের ওপর নির্যাতনের অভিযোগ তোলেন। তিনি বলেন, “বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দাকে বিভিন্ন রাজ্যে আটক করা হয়েছে, এমনকি কয়েকজনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
মমতা ব্যানার্জী আরো বলেন, “বাংলা ভাষার ওপর সন্ত্রাস চলছে কেন? বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেপ্তার করা হয়, এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নই। দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।”
বিবিসি বাংলার প্রতিবেদনে আরো বলা হয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এবং ওড়িশা রাজ্যে গত কয়েক মাস ধরে অবৈধ বাংলাদেশি সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করা হয়েছে। অথচ তারা মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা।
এদিকে, ভারতের বেশ কয়েকজন নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের আবার ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে- এমন ঘটনাও সামনে এসেছে। তবে এমনও কিছু ব্যক্তি আছেন, যারা প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

