বেঙ্গল উপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেক (বেআ অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) শুধু অর্থনৈতিক উন্নয়নেই নয়, সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলাতেও সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব ইন্দ্রমণি পান্ডে।
মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার বিমসটেক সদর দপ্তরে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ইন্দ্রমণি পান্ডে বলেন, “আমরা নিরাপত্তার উপর বেশি মনোযোগ দিচ্ছি কি না, সে প্রশ্নে আমি আবারও স্পষ্ট করে বলতে চাই- আমাদের মূল মনোযোগ সদস্য রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কিন্তু সেই প্রেক্ষাপটে যদি নিরাপত্তা চ্যালেঞ্জ কোনোভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে, তাহলে সেসব মোকাবিলাও আমাদের কাজের অংশ।”
তিনি বলেন, “বিমসটেক সদস্য দেশগুলো নিজেদের উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপত্তা বিষয়ক সহযোগিতার জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে আগ্রহী। নিরাপত্তা বিমসটেকের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।”
মহাসচিব জানান, বিমানসটেক বর্তমানে মানবপাচার, মাদকপাচার, সাইবার নিরাপত্তা ও সামুদ্রিক নিরাপত্তার মতো বিষয়গুলোকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, “এই চ্যালেঞ্জগুলো অবহেলা করা হলে তা সদস্য দেশগুলোর উন্নয়ন প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। ফলে এ ধরনের হুমকি মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।”

