ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকার একটি শান্ত ধর্মীয় শহর — ধর্মস্থলা। বহু বছর ধরে এই শহর পরিচিত ছিল একটি পবিত্র মন্দির এলাকা হিসেবে। কিন্তু এখন এই জায়গাটিকে ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়, ক্ষোভ আর চরম প্রশ্ন—এই শহরের মাটির নিচে কি শত শত লাশ চাপা পড়ে আছে? একজন প্রাক্তন মন্দিরকর্মীর মুখ খুলতেই ফাঁস হয়ে গেল এমন এক ভয়ংকর অভিযোগ, যার কথা কল্পনাও করতে পারেনি কেউ।
৪৮ বছর বয়সী এক দলিত ব্যক্তি—যিনি ধর্মস্থলা মন্দিরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ২০ বছর কাজ করেছিলেন—১২ বছর আত্মগোপনে থাকার পর ২০২৫ সালের ৩ জুলাই কর্ণাটক পুলিশের কাছে হাজির হয়ে জানান, তিনি আর অপরাধবোধের ভার সহ্য করতে পারছেন না। “আমি বহু হত্যাকাণ্ডের সাক্ষী। আমাকে দিনের পর দিন মারধর করে, ভয় দেখিয়ে লাশ কবর দিতে বাধ্য করা হতো,” পুলিশের কাছে দেওয়া তাঁর বিবৃতি থেকে জানা যায়।
তিনি বলেন, ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ধর্মস্থলার বিভিন্ন জায়গায় শত শত মৃতদেহ কবর দিতে হয়েছে তাকে—যাদের মধ্যে ছিল নারী, শিশু, এমনকি নিঃস্ব পুরুষ, যাদের অনেককে হত্যার ঘটনাও তিনি নিজে দেখেছেন বলে দাবি করেন। অনেক নারী ও কিশোরীর শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন ছিল, কেউ কেউ ছিলেন সম্পূর্ণ বিবস্ত্র, কারও গায়ে অ্যাসিড পোড়ার দাগও ছিল।
১১ জুলাই, মুখ পুরোপুরি কালো কাপড়ে ঢেকে (শুধু চোখের সামনে স্বচ্ছ একটি ফিতেয় ফাঁকা জায়গা রেখে) তিনি বেলথাঙ্গডি আদালতে হাজির হয়ে নিজের জবানবন্দি দেন। তিনি জানান, মন্দিরে চাকরি শুরুর কিছুদিন পর থেকেই নদীর ধারে, জঙ্গলে কিংবা নির্জন জায়গায় লাশ খুঁজে পাওয়া শুরু হয়। প্রায়শই তাঁকে বলা হতো, কোথাও গিয়ে নির্দিষ্ট জায়গায় গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দিতে হবে।
“তারা আমাকে বলত, ‘তুমি যদি লাশ কবর না দাও, আমরা তোমাকেও কেটে টুকরো করে দেব। তোমার পরিবারকেও উৎসর্গ করব,’” জানান তিনি।
প্রায় দুই দশক ধরে, কখনো মাটি চাপা দিয়ে, কখনো বা ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে লাশ গায়েব করা হতো। তিনি বলেন, এমনও দিন গেছে, যেদিন একাধিক লাশ পুড়িয়ে দিতে হয়েছে।
পুরুষরা ধার্মস্তল মন্দিরে তীর্থযাত্রীদের জন্য খাবার পরিবেশন করেন।
নিজের মেয়ের প্রতি হেনস্তা, তারপর পালিয়ে যাওয়া
২০১৪ সালে তাঁর পরিবারের এক কিশোরী সদস্যের প্রতি যৌন হয়রানির পর তিনি বুঝে যান, এখানে আর থাকা যাবে না। সেই ডিসেম্বরে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান অন্য রাজ্যে। ভয়ে কারও সঙ্গে যোগাযোগ করেননি। বছরের পর বছর ঘন ঘন বাসা বদলেছেন, কিন্তু মনের ভেতর অপরাধবোধের ছায়া কাটেনি।
“আমার বিবেক আর চুপ থাকতে দিচ্ছে না,” বলেন তিনি।
সম্প্রতি তিনি একটি জায়গা থেকে একটি কঙ্কাল তুলে তা পুলিশের কাছে জমা দেন, সঙ্গে দেন ছবি ও আইনজীবীর মাধ্যমে প্রমাণ।
এক বিবরণে তিনি জানান, ২০১০ সালে কালেরি নামক স্থানে এক স্কুলপোশাক পরা কিশোরীর লাশ খুঁজে পান। “তার বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর। গায়ে স্কুল শার্ট থাকলেও স্কার্ট আর অন্তর্বাস ছিল না। গলায় দাগ ছিল। সঙ্গে ছিল স্কুলব্যাগ। বলা হয়, ব্যাগসহ মাটিচাপা দিতে।”
আরেক ঘটনায় বলেন, এক তরুণীর মুখ অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছিল। তাকে পুরো একটি পত্রিকায় মুড়িয়ে দেওয়া হয়। পরে তার চটি ও অন্যান্য জিনিস জ্বালিয়ে ফেলতে বলা হয়।
তিনি জানিয়ে দিয়েছেন, ব্রেইন-ম্যাপিং, পলিগ্রাফসহ যেকোনো পরীক্ষায় তিনি রাজি। এমনকি তিনি নিজ হাতে পুরনো গণকবর দেখিয়ে দিতে প্রস্তুত।
একজন তীর্থযাত্রী ধার্মস্তল মন্দিরে হাতির পাশে দাঁড়িয়ে রয়েছেন।
ধর্মস্থলায় ‘গায়েব হওয়া’র ইতিহাস অনেক পুরনো
এই শহরের ইতিহাসে বহুবার রহস্যজনক মৃত্যু আর ধর্ষণের অভিযোগ উঠে এসেছে।
১৯৮৭ সালে ১৭ বছরের পদ্মলতার ধর্ষণ ও হত্যাকাণ্ডে শহরে বিক্ষোভ হয়। স্থানীয়দের দাবি, সেসব আন্দোলন দমন করা হয় প্রভাবশালীদের চাপে। ২০১২ সালে ১৭ বছরের সৌজন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ফের আন্দোলন গড়ে ওঠে। আজও সেই মামলা ঝুলে আছে।
২০০৩ সালে নিখোঁজ হন মেডিকেল শিক্ষার্থী অনন্যা ভাট। তাঁর পরিবার বহুবার প্রশাসনের কাছে গিয়েছিল, কিন্তু কোনো অগ্রগতি হয়নি।
আইনজীবীদের দাবি: স্বাধীনতার পর ভারতের ইতিহাসে অন্যতম ভয়ংকর অভিযোগ
কর্ণাটক হাইকোর্টের প্রবীণ আইনজীবী ও মানবাধিকার কর্মী এস বালন বলেন, “এটা শুধু হত্যাকাণ্ড নয়—এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। স্বাধীনতার পর ভারত এমন ভয়ংকর অভিযোগ দেখেনি।”
তিনি জানান, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে আইনজীবীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠনের আহ্বান জানায়। সরকার ইতিমধ্যে SIT গঠন করেছে।
মন্দির কর্তৃপক্ষের বিবৃতি: তদন্তে সহযোগিতা চাই
এই মন্দিরের দায়িত্ব বহু বছর ধরে রয়েছে হেগ্গড়ে পরিবারের হাতে। পরিবারের বর্তমান প্রধান বীরেন্দ্র হেগ্গড়ে ১৯৬৮ সাল থেকে ধর্মাধিকারী। তিনি ২০২২ সালে বিজেপির মনোনয়নে রাজ্যসভার সদস্য হন এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্ম বিভূষণ’ পেয়েছেন।
২০১২ সালে সৌজন্যার মামলায় তাঁদের পরিবারের নামও উঠে আসে।
সাম্প্রতিক ঘটনায় ২০ জুলাই মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, “আমরা চাই, তদন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ হোক। আমরা তদন্তকে স্বাগত জানাই। বিশ্বাস ও সত্যই সমাজের ভিত্তি।”
হারিয়ে যাওয়া মেয়ের মায়ের আকুতি: “অন্তত তাঁর শেষকৃত্যটা করতে দিন”
২০০৩ সালে নিখোঁজ হওয়া অনন্যা ভাটের মা সুজাতা ভাট—একজন অবসরপ্রাপ্ত সিবিআই স্টেনোগ্রাফার—গত সপ্তাহে পুলিশের কাছে নতুন অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “তারা আমাদের বলেছিল চুপ থাকতে। কিন্তু আমি আর পারি না। আমি শুধু চাই, মেয়ের কঙ্কালটা অন্তত খুঁজে দিন। আমি তাকে অন্তত সৎকার করতে চাই।”
“আমার মেয়ের আত্মাকে শান্তি দিন। আমিও আমার শেষ দিনগুলো একটু শান্তিতে কাটাতে চাই,” বলেন তিনি।
এখন প্রশ্ন হচ্ছে—সত্যিই যদি শত শত লাশের এই অভিযোগ সত্য হয়, তাহলে সেটা শুধুই একটি মন্দির শহরের কলঙ্ক নয়; বরং ভারতের আইন, সমাজ ও ধর্মব্যবস্থার সবচেয়ে ভয়ংকর ব্যর্থতা।
এমনকি যদি দুটি বা তিনটি লাশও মেলে—তবু সে নারীদের জীবনের দাম কি একবিন্দুও কম?
যারা চিরদিনের মতো মাটির নিচে চাপা পড়ে গেছে, যাদের গল্প কেউ শোনেনি, তাদের জন্য যদি এখনো একটু ন্যায়বিচারের আলো পাওয়া যায়—তাহলেই হয়তো একজন সাবেক কর্মচারীর বিবেকের তাড়না সার্থক হবে।