চীনা নাগরিকদের জন্য পাঁচ বছর পর আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। আগামীকাল, ২৪ জুলাই ২০২৫ থেকে এই ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষণ হিসেবে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২০ সালে হিমালয় সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্ক তলানিতে ঠেকে। নিরাপত্তাজনিত উদ্বেগে ভারত চীনা বিনিয়োগে কঠোরতা আনে, টিকটকসহ শতাধিক অ্যাপ নিষিদ্ধ করে এবং সরাসরি বিমান চলাচল বন্ধ করে দেয়। একই সময়ে কোভিড-১৯ মহামারির অজুহাতে চীনও ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করে।
পরবর্তী সময়ে ব্যবসায়িক ও শিক্ষাগত ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হলেও পর্যটকদের জন্য ভিসা ছিল বন্ধ। অবশেষে পাঁচ বছর পর নতুন করে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।
দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে গত বছর থেকেই কূটনৈতিক তৎপরতা বেড়েছে। রাশিয়ায় অনুষ্ঠিত একটি সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। চলতি মাসেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ভারত বারবার সীমান্ত সমস্যা মেটানোর ওপর জোর দিয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন— সম্পর্ক স্বাভাবিক করতে হলে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার ও স্থায়ী সমাধান প্রয়োজন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ভারত সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘চীন ভারতের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ বজায় রাখতে চায় এবং দুই দেশের জনগণের মধ্যে আদান-প্রদানের মাত্রা আরও উন্নত করতে প্রস্তুত।’
ভারত ও চীনের মধ্যে ৩,৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা দীর্ঘদিন ধরে বিবাদের কেন্দ্রবিন্দু। ১৯৬২ সালে দুই দেশের মধ্যে একটি রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধ হয়। এরপর থেকে কখনও উত্তাপ, কখনও শান্ত পরিবেশ বিরাজ করলেও মূল বিরোধের সমাধান হয়নি।
বিশেষজ্ঞরা মনে করছেন, পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত ভারত-চীন সম্পর্কের বরফ গলানোর একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তবে সীমান্ত ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত এই উষ্ণতা কতটা দীর্ঘস্থায়ী হবে, সেটাই দেখার বিষয়।

