ইসরায়েলের পার্লামেন্ট নেসেট অধিকৃত পশ্চিম তীরকে রাষ্ট্রের অংশ করে নেওয়ার লক্ষ্যে একটি প্রতীকী প্রস্তাব অনুমোদন করেছে। বুধবার (২৩ জুলাই) ৭১-১৩ ভোটে প্রস্তাবটি পাস হয়। এটি আইনি দিক থেকে বাধ্যতামূলক না হলেও পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পক্ষেই স্পষ্ট অবস্থান প্রকাশ করেছে। সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য জানায়।
প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হলে রাষ্ট্রের নিরাপত্তা জোরদার হবে এবং “ইহুদি জনগণের নিজভূমিতে শান্তিপূর্ণ সহাবস্থানের অধিকার” আর প্রশ্নবিদ্ধ থাকবে না। এতে আরো বলা হয়, এই অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রয়োগ শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই প্রস্তাব ইসরায়েলের কট্টর ডানপন্থি জোট সরকারের পক্ষ থেকে তোলা হয়, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে প্রস্তাবটির আইনি বাধ্যবাধকতা না থাকলেও ভবিষ্যতে সংসদে পশ্চিম তীর সংযুক্তি নিয়ে আলোচনার দরজা খুলে দিল বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
প্রস্তাবটির সূচনা করেছিলেন কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি নিজেও একটি অবৈধ ইসরায়েলি বসতিতে বাস করেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম তীর ও সেখানে গড়ে ওঠা বসতিগুলোর প্রশাসনিক দায়িত্বও পালন করেন।
উল্লেখ্য, পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে এই দখলদারিত্ব অবৈধ হিসেবে বিবেচিত, এমনকি ইসরায়েলের অভ্যন্তরীণ আইনেও কিছু বসতিকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
বর্তমানে পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি এবং ৫ লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস করছেন। ফিলিস্তিনি নেতৃত্ব চায়, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অন্তর্ভুক্ত হোক পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম। কিন্তু পশ্চিম তীরকে সংযুক্তির মতো উদ্যোগ সেই স্বপ্নকে প্রায় অসম্ভব করে তুলছে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে আন্তর্জাতিক মহলও দীর্ঘদিন ধরে এ অঞ্চলের সংকট সমাধানের একমাত্র বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করে আসছে।
প্রস্তাব পাসের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ডেপুটি হুসেইন আল-শেইখ বলেন, “এই প্রস্তাব সরাসরি ফিলিস্তিনি জনগণের অধিকারের ওপর আঘাত এবং এটি দুই-রাষ্ট্র সমাধান ও শান্তি-প্রক্রিয়াকে ধ্বংস করে দিচ্ছে।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আরো লেখেন, “ইসরায়েলের এই একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি ভূখণ্ডের মর্যাদা নিয়ে আন্তর্জাতিক ঐকমত্যের সম্পূর্ণ লঙ্ঘন।”
এছাড়া ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা যেকোনো ধরনের দখলদারিত্বমূলক পদক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। বিবৃতিতে বলা হয়, “এগুলো উপনিবেশবাদী কার্যক্রম, যার মাধ্যমে পশ্চিম তীরে বর্ণবাদী ‘আপারথেইড’ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হচ্ছে।” তারা আরো জানিয়েছে, এই পদক্ষেপ জাতিসংঘের বহু প্রস্তাব এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৪ সালের জুলাইয়ে দেওয়া উপদেষ্টা রায়ের স্পষ্ট লঙ্ঘন।
ফিলিস্তিনি মন্ত্রণালয় হুঁশিয়ার করে বলেছে, এমন উদ্যোগ “দুই-রাষ্ট্র সমাধানকে ধ্বংস করে দিচ্ছে” এবং পশ্চিম তীরে প্রতিদিন অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে এই দখল কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলের ব্যাপক হামলার পর পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। ইসরায়েলি সেনারা প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের গ্রাম ও শহরে অভিযান চালাচ্ছে। এর ফলে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন, বহু প্রাণহানিও ঘটেছে। পাশাপাশি সেনাদের সহায়তায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও ফিলিস্তিনিদের জমি ও সম্পত্তির ওপর হামলা বাড়িয়ে দিয়েছে।
এই প্রস্তাব, যদিও আইনি দিক থেকে এখনও কার্যকর নয়, তবুও এটিকে অধিকৃত অঞ্চলের পূর্ণ সংযুক্তির দিকে আরও এক ধাপ অগ্রসর হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু ফিলিস্তিনি জনগণের জন্য নয়, গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্যও বড় ধরনের হুমকি বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

