ভারতের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করে অস্থায়ী শিবিরে রাখার অভিযোগ উঠেছে। এতে পশ্চিমবঙ্গ ও আসাম থেকে যাওয়া বাংলাভাষী শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আটক ব্যক্তিদের অনেকেই বহু বছর ধরে ভারতে বসবাস করলেও পরিচয়পত্র দেখাতে না পারায় বা শুধুমাত্র মুসলমান এবং বাংলাভাষী হওয়ার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুগ্রামের সেক্টর ৪৩ থানায় কয়েকজন বাংলাভাষী শ্রমিককে আটক করার অভিজ্ঞতা তুলে ধরেন নদীয়ার বাসিন্দা পাথর আলি শেখ। তিনি জানান, অনেক বছর ধরে ভাঙ্গারির কাজ করলেও হঠাৎ একদিন পুলিশের গাড়ি থামিয়ে পরিচয়পত্র চাইলে সঙ্গে না থাকায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর আরও অন্তত ১০ জনকে তার মতো আটক করা হয় এবং পরে সবাইকে সেক্টর ১০এ-এর একটি কমিউনিটি হলে নিয়ে রাখা হয়। সেখানে তারা চারদিন ধরে আটক ছিলেন।
আলি শেখ বলেন, “আমি পশ্চিমবঙ্গের নাগরিক, পরিচয়পত্র জমা দেওয়ার পরও আমাকে চারদিন আটকে রাখা হয়। তখন আমরা ৭৪ জন ছিলাম, সবার ভাষা বাংলা। আমাদের মধ্যে অনেকেই ভয় পেয়ে গিয়েছিল। কেন বাঙালিদের এভাবে ধরা হচ্ছে!”
অবশেষে নবদ্বীপ থানার ওসির পক্ষ থেকে প্রেরিত পরিচয়পত্র যাচাইয়ের চিঠির পর পাথর আলি শেখসহ ২৬ জনকে মুক্তি দেওয়া হয়। তবে এখনও কয়েকজন আটকে আছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী সুপান্থ সিনহা বলেন, “এভাবে পরিচয় যাচাইয়ের নামে কাউকে আটক রাখা সম্পূর্ণ বেআইনি। তাদের যেভাবে অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে কয়েকদিন আটকে রাখা হয়েছে, তা মানবাধিকার লঙ্ঘনের শামিল।”
গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ তুরান অবশ্য বলেন, “আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে, পরিচয় যাচাইয়ের পরও কাউকে আটক রাখা হয়েছে। নির্দিষ্ট তথ্য থাকলে তা আমাদের জানানো যেতে পারে।”
এই ঘটনা শুধু হরিয়ানায় সীমাবদ্ধ নয়। রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও ওড়িশায় বাংলাদেশি চিহ্নিত করার নামে অনেক ভারতীয় বাংলাভাষীকেও আটক করা হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই মুসলমান হলেও কিছু হিন্দুকেও একইভাবে আটক করা হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের বৈধ নাগরিক হয়েও বাংলাদেশে পুশ-আউট করে দেওয়ার নজিরও পাওয়া গেছে।

