বিশ্বের সবচেয়ে বড় পানিবিদ্যুৎ প্রকল্প নির্মাণকে পুরোপুরি নিজেদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে চীন। দক্ষিণ তিব্বতে ইয়ারলুং ঝাংবো নদীর ওপর বিশাল এই বাঁধ নির্মাণ ঘিরে ভারত ও বাংলাদেশের উদ্বেগের মধ্যেই বুধবার (২৩ জুলাই) বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই প্রকল্প নিচু এলাকার কোনো দেশকে ক্ষতির মুখে ফেলবে না।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের জানান, “এটি চীনের নিজস্ব উন্নয়নমূলক পরিকল্পনার অংশ। এই প্রকল্প কারও ক্ষতি করবে না বরং দুর্যোগ প্রতিরোধে কার্যকর হবে।”
প্রসঙ্গত, ইয়ারলুং ঝাংবো নদী ভারতে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত। নদীর উজানে এমন বিশাল বাঁধ নির্মাণের ফলে ভারত ও বাংলাদেশে পানি প্রবাহ, কৃষিকাজ, পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা পরিবেশ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা মেনে চলছে এবং নদীপথ ঘিরে নিচু অঞ্চলের দেশগুলোর সঙ্গে পানি তথ্য আদান-প্রদান ও বন্যা মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রয়েছে।

গুও বলেন, “চীন আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনায় সবসময় দায়িত্বশীল আচরণ করে এসেছে। আমরা প্রকল্প সংক্রান্ত তথ্য প্রয়োজন অনুযায়ী ভারত ও বাংলাদেশকে জানিয়ে যাচ্ছি এবং যৌথ কল্যাণের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।”
বিশাল এ প্রকল্পে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান বা ১৬৭.৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে চীন। নির্মাণকাজ শেষ হলে বছরে প্রায় ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হবে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ থ্রি গর্জেস ড্যামের তুলনায় তিনগুণ বেশি।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রকল্পে পাঁচটি ধাপে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে এবং এটি কার্বন নির্গমন হ্রাসে চীনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। দেশটি ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার এবং ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে এগোচ্ছে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, চীন প্রকল্পের পরিবেশগত ও রাজনৈতিক প্রভাব বিবেচনায় না রেখেই একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে এমন একটি নদী যার ওপর তিনটি দেশের লাখ লাখ মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল, সেখানে স্বচ্ছতা ও আঞ্চলিক আলোচনার অভাব বড় ধরনের উদ্বেগ তৈরি করছে।

