রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার (২০ জুলাই) অনুষ্ঠিত একটি ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, “শেষ পর্যন্ত রাশিয়াকে আলোচনার টেবিলে আসতেই হবে।”
মূলত ইউরোপীয় নেতাদের নিয়ে গঠিত ‘ইচ্ছুকদের জোট’- এই অনানুষ্ঠানিক জোটের ভার্চুয়াল বৈঠকে স্টারমার এই মন্তব্য করেন। সম্মেলনে ইউরোপ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার নেতারা অংশ নিলেও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রসঙ্গ টেনে স্টারমার বলেন, “দ্রুত হোক বা ধীরে- এক সময় তাকে অবশ্যই আলোচনায় আসতে হবে।” উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে রাশিয়া।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে হওয়া একটি যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের জন্য রাশিয়াকে আহ্বান জানান। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “এখন বল রাশিয়ার কোর্টে।”
যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, তিনি ‘সিধান্তগতভাবে’ যুদ্ধবিরতির পক্ষে, তবে বাস্তব সম্মত কিছু শর্ত রয়েছে যা পূরণ না হলে চুক্তি কার্যকর হবে না।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাতের ভিডিও ভাষণে বলেন, পুতিন ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছেন এবং এত শর্ত দিচ্ছেন যে, তা মানলে “কিছুই বাস্তবায়নযোগ্য হবে না।”
এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি ও আর্থিক খাতের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শনিবারের সম্মেলনে সম্ভাব্য শান্তিচুক্তি হলে ইউক্রেনের ভবিষ্যৎ সামরিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনার বিষয়টি গুরুত্ব পায়। এই ভার্চুয়াল বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কিও অংশ নেন।

