দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। বিতর্কিত সীমান্ত অঞ্চলে সামরিক অবস্থান জোরদার এবং গোলাগুলির ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ এনেছে যে, প্রতিপক্ষ প্রথমে হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এ সংঘর্ষের তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এর আগে কয়েক সপ্তাহ ধরে দু’দেশের সীমান্তে টানাপোড়েন চলছিল, যা শেষপর্যন্ত খোলামেলা সংঘর্ষে রূপ নেয়।
থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ান বাহিনী তাদের সংরক্ষিত ‘তা মোয়ান থম’ মন্দিরসংলগ্ন বিতর্কিত এলাকায় প্রথমে গুলি চালায়। তাদের দাবি, গোলাগুলির আগে কম্বোডিয়া ওই এলাকায় নজরদারির জন্য একটি ড্রোন পাঠায় এবং পরে ভারী অস্ত্রে সজ্জিত সেনা মোতায়েন করে।
তবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এসব অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করেন যে, থাই সেনারা কোনো ধরনের উসকানি ছাড়াই সীমান্ত অতিক্রম করে আক্রমণ চালায়। কম্বোডিয়ার সেনারা আত্মরক্ষার্থে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে বলেও দাবি করেন তিনি।
সংঘর্ষের আগে থাই সরকার তাদের কম্বোডিয়া নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয়। একইসাথে তারা ঘোষণা দেয়, কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে থাইল্যান্ড ছাড়ার নির্দেশ দেওয়া হবে। এর পেছনে কারণ হিসেবে তারা সীমান্ত এলাকায় থাই সেনাদের ওপর একের পর এক মাইন বিস্ফোরণের ঘটনা তুলে ধরে। জানা যায়, সম্প্রতি ওই এলাকায় দুইজন থাই সেনা ল্যান্ডমাইনে পা হারান।
থাই কর্তৃপক্ষ দাবি করেছে, এই মাইনগুলো সম্প্রতি পুঁতে রাখা হয়েছে। তবে কম্বোডিয়া এসব অভিযোগকে “ভিত্তিহীন ও মিথ্যা” আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।
উল্লেখযোগ্যভাবে, কম্বোডিয়ায় কয়েক দশক আগে শেষ হওয়া গৃহযুদ্ধের সময় পুঁতে রাখা বহু অবিস্ফোরিত ল্যান্ডমাইন এখনো রয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মাইন অপসারণকারী সংস্থাগুলো। ফলে সীমান্তবর্তী অঞ্চলটি এখনো মারাত্মকভাবে বিপজ্জনক।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের। বিশেষত প্রাচীন হিন্দু মন্দির-প্রাহ বিহার ও তা মোয়ান থম- ঘিরে বহুবার উভয় দেশের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে গিয়েছে। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এই দুটি মন্দির ঘিরেই একাধিকবার ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সেই উত্তেজনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

