রাশিয়ার দূর-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বিমান রাডার থেকে হারিয়ে গেছে। আকাশ নিয়ন্ত্রণ সংস্থাগুলো বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নর। বিমানটিতে প্রায় ৫০ জন আরোহী ছিলেন।
স্থানীয় জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, আন-২৪ (An-24) মডেলের বিমানটি পরিচালিত হচ্ছিল সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা (Angara)-র মাধ্যমে। এটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের শহর তিন্দা (Tynda)-তে অবতরণের সময় রাডার থেকে গায়েব হয়ে যায়।
আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি ওর্লভ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে ৪৩ জন যাত্রী, যার মধ্যে ৫ জন শিশু, এবং ৬ জন ক্রু ছিলেন। তিনি টেলিগ্রামে এক বার্তায় জানান, “বিমানটির খোঁজে সবধরনের জরুরি বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।”
তবে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, তাদের হিসাবে বিমানটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম, আনুমানিক ৪০ জনের মতো।
বর্তমানে বিমানের খোঁজে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এখনো নিখোঁজ বিমানটির অবস্থান ও অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

