দুই দিনের যুদ্ধবিরতির মাধ্যমে একে অপরের ১ হাজার ২০০ জন করে মোট ২ হাজার ৪০০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এই সিদ্ধান্তে পৌঁছায় উভয় দেশ ইস্তাম্বুলে অনুষ্ঠিত সরকারি প্রতিনিধিদের তৃতীয় দফার বৈঠকে।
বৈঠকটি শুরু হয় বুধবার স্থানীয় সময় রাত ৮টা ৩৭ মিনিটে এবং শেষ হয় বৃহস্পতিবার সকাল ৯টা ১৬ মিনিটে। রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাশিয়ার সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মেডিনস্কি জানান, যুদ্ধবন্দিদের বিনিময় প্রক্রিয়া সহজতর করতে দুই দেশ তিনটি করে ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছে। এসব গ্রুপে রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী এবং সেনাবাহিনীর প্রতিনিধিরা থাকবেন।
নতুন করে মুক্তি পেতে যাওয়া বন্দিদের মধ্যে সামরিক সদস্য ছাড়াও বেসামরিক নাগরিক রয়েছেন। মেডিনস্কি জানান, গত বছরের নভেম্বর মাসে ইউক্রেনীয় বাহিনী যাদের ক্রুস্ক থেকে বন্দি করে নিয়ে গিয়েছিল- এমন ৩০ জনও এই তালিকায় আছেন।
গত মে মাস থেকে ইস্তাম্বুলে শুরু হওয়া এই শান্তি সংলাপের অংশ হিসেবে এর আগেও বন্দি ও মরদেহ বিনিময়ে একাধিকবার সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। ২ জুন অনুষ্ঠিত এক বৈঠকে দুই দেশ প্রথমবারের মতো ১২ হাজার সেনার মরদেহ এবং ২ হাজার জীবিত যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়।
বৃহস্পতিবারের ব্রিফিংয়ে মেডিনস্কি আরো জানান, ইউক্রেনীয় বাহিনীর ৭ হাজার সেনার মরদেহ ইতিমধ্যে কিয়েভকে ফিরিয়ে দিয়েছে মস্কো। শিগগিরই আরো ৩ হাজার মরদেহ ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তার বিনিময়ে রাশিয়া নিজ দেশের সেনাদের মরদেহ ফেরত পাবে, যদিও সেই সংখ্যাটি এখনো জানানো হয়নি।
যুদ্ধবন্দি ও সেনাদের মরদেহ বিনিময়ের সময় দুই দিনব্যাপী যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানান রুশ প্রতিনিধি দলের প্রধান। এ বিষয়ে কিয়েভের সম্মতি পাওয়াও নিশ্চিত করেছেন তিনি।

