সীমান্ত নিয়ে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে এবার ক্যাম্বোডিয়ার সামরিক স্থাপনায় সরাসরি বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে ক্যাম্বোডিয়ার একটি সামরিক লক্ষ্যবস্তুতে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালায় থাই সেনাবাহিনী। উভয় দেশই এই হামলার সত্যতা স্বীকার করেছে।
থাই সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নির্দিষ্ট একটি সামরিক স্থাপনায় পরিকল্পিতভাবে গুলি চালিয়ে তা ধ্বংস করা হয়েছে। হামলার পরপরই থাইল্যান্ড ক্যাম্বোডিয়ার সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। দুই দেশই সংঘর্ষের সূচনা নিয়ে একে অপরকে দায়ী করেছে।
থাইল্যান্ডের সেনাবাহিনীর উপ-মুখপাত্র রিচা সুকসুয়ানোন জানান, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী সামরিক লক্ষ্যবস্তুতে বিমান শক্তি ব্যবহার করেছি।’
ক্যাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, থাইল্যান্ডের দুটি যুদ্ধবিমান তাদের ভূখণ্ডে বোমা ফেলে রাস্তায় বিস্ফোরণ ঘটিয়েছে। বিবৃতিতে এই হামলাকে ‘ক্যাম্বোডিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর বেপরোয়া সামরিক আগ্রাসন’ বলে অভিহিত করা হয় এবং তীব্র নিন্দা জানানো হয়।
উত্তেজনার অংশ হিসেবে থাইল্যান্ড ক্যাম্বোডিয়া থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে এনেছে এবং ব্যাংককে অবস্থিত ক্যাম্বোডিয়ান দূতকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে। এর আগেই থাইল্যান্ডের এক সেনা সম্প্রতি ভূমিমাইন বিস্ফোরণে পা হারান, যেটিকে ক্যাম্বোডিয়া দ্বারা পুঁতে রাখা বলে দাবি করেছে থাই সেনাবাহিনী।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্বোডিয়ান সেনারা বৃহস্পতিবার সকালে থাই সামরিক ঘাঁটিতে ভারী কামান হামলা চালিয়েছে, যা বেসামরিক এলাকাতেও আঘাত করেছে। এতে শিশু ও সাধারণ মানুষ হতাহত হয়েছেন।
থাই সরকারের বিবৃতিতে বলা হয়, ‘ক্যাম্বোডিয়া যদি আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে সশস্ত্র আক্রমণ চালিয়ে যায়, তবে থাইল্যান্ড আত্মরক্ষামূলক ব্যবস্থা জোরদার করতে প্রস্তুত।’
সুরিন সীমান্ত অঞ্চলে বসবাসরত শিশু ও বয়স্করা আতঙ্কে বালুর বস্তা ও টায়ার দিয়ে তৈরি কংক্রিটের বাংকারে আশ্রয় নিয়েছে। থাইল্যান্ডের সুরিন প্রদেশে আট বছর বয়সী এক শিশুসহ নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। কাফচিয়াং জেলার প্রধান সুত্তিরত চরোয়েনথানাসাক জানান, আর্টিলারি শেল সাধারণ মানুষের ঘরবাড়িতে পড়েছে। ওই অঞ্চলের ৮৬টি গ্রাম থেকে প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
থাইল্যান্ডের সিসাকেট প্রদেশে একটি পেট্রোল স্টেশনে গোলাবর্ষণে আগুন ধরে যাওয়ার দৃশ্য ভিডিওতে দেখা গেছে। এতে ছয়জন নিহত ও দশজন আহত হন। আরও একজন নিহত হয়েছেন উবন রাতচাথানি সীমান্ত প্রদেশে।
থাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘আমরা ক্যাম্বোডিয়ার মানবতাবিরোধী কার্যক্রমের তীব্র নিন্দা জানাই। আমাদের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
সেনাবাহিনী আরো জানায়, মোয়ান থম মন্দির সংলগ্ন এলাকায় ক্যাম্বোডিয়া নজরদারি ড্রোন পাঠানোর পর সেখানে ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করে থাইল্যান্ড। পরে ক্যাম্বোডিয়ান সেনাদের গুলিতে দুই থাই সেনা আহত হন। থাই সেনারা দাবি করেছে, ক্যাম্বোডিয়া রকেট লঞ্চারসহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করছে।
তবে ক্যাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, থাই সেনারা সীমান্তে বিনা উসকানিতে প্রবেশ করেছিল এবং ক্যাম্বোডিয়ান বাহিনী আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়েছে।
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেছেন, ‘পরিস্থিতি সংবেদনশীল। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আন্তর্জাতিক আইন অনুসরণ করব।’
অন্যদিকে সম্প্রতি বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা ক্যাম্বোডিয়ার প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন। এই ফোনালাপ ফাঁস হয়ে যাওয়ার পর থাইল্যান্ডে রাজনৈতিক বিতর্ক শুরু হয় এবং আদালত তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।
হুন সেন তার ফেসবুক পোস্টে বলেন, থাই গোলাবর্ষণে ক্যাম্বোডিয়ার দুটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
থাইল্যান্ডের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, সম্প্রতি ক্যাম্বোডিয়া সীমান্ত এলাকায় নতুন করে ভূমিমাইন পুঁতে রেখেছে, যার ফলে তাদের তিনজন সেনা আহত হয়েছেন। তবে ফনম পেন এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সেনারা পূর্বনির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে গৃহযুদ্ধকালীন পুঁতে রাখা মাইনেই পদদলিত করেছে।
মাইন অপসারণকারী সংস্থাগুলোর তথ্যমতে, ক্যাম্বোডিয়ার গৃহযুদ্ধের সময় পুঁতে রাখা ভূমিমাইনের সংখ্যা কয়েক মিলিয়নে পৌঁছেছে।

