রাশিয়ায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ৪৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির আমুর অঞ্চলে যাত্রীবাহী একটি আন্তোনভ-২৪ বিমান বিধ্বস্ত হয়। চীন সীমান্তঘেঁষা এই দুর্গম এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটির মূল কাঠামোতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানে পাঁচ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। তারা সবাই মারা গেছেন। যদিও রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে ৪০ জনের মতো আরোহী ছিল।
আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ জানান, ব্লাগোভেশচেনস্ক শহর থেকে উড্ডয়ন করে টিন্ডা শহরে যাওয়ার পথে বিমানটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে প্রয়োজনীয় বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

