থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনী মুখোমুখি সংঘাতে জড়িয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে দুই দেশের সীমান্তে শুরু হয় গোলাগুলি। উভয় পক্ষই ভারী অস্ত্র ব্যবহার করছে বলে জানা গেছে। ইতিমধ্যে প্রাণহানির খবর এসেছে। সীমান্ত অঞ্চলের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাচ্ছে।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, থাইল্যান্ড ও কম্বোডিয়া—উভয় দেশই দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তবে সামরিক শক্তিতে থাইল্যান্ড অনেক এগিয়ে। জনবল, অস্ত্রভাণ্ডার ও সরঞ্জামে কম্বোডিয়া পিছিয়ে আছে বহু দূরে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই দেশের সামরিক সক্ষমতার চিত্র:
সামরিক বাজেট ও স্থল বাহিনী
থাইল্যান্ডের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা প্রায় ৩ লাখ ৬০ হাজার। দেশটির ২০২৪ সালের প্রতিরক্ষা বাজেট ছিল ৫.৭ বিলিয়ন ডলার।
তাদের স্থলবাহিনীর অস্ত্রভাণ্ডারে রয়েছে:
- প্রায় ৪০০ যুদ্ধ ট্যাঙ্ক
- ১২০০ সাঁজোয়া যান
- প্রায় ২৬০০ কামান
এছাড়া থাই সেনাবাহিনীর রয়েছে নিজস্ব বিমান বহর, যেখানে রয়েছে হেলিকপ্টার, যাত্রীবাহী বিমান ও ড্রোন।
অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল ১.৩ বিলিয়ন ডলার। সক্রিয় সামরিক সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ২৪ হাজার। এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে প্রায় ৭৫ হাজার সদস্য।
কম্বোডিয়ার স্থলবাহিনীর কাছে আছে:
- ২০০টিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক
- প্রায় ৪৮০টি কামান
বিমান বাহিনী
থাইল্যান্ডের বিমান বাহিনী দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সেরা। বাহিনীতে রয়েছে প্রায় ৪৬ হাজার সদস্য।
মূল যুদ্ধবিমানগুলো হলো:
- ২৮টি এফ-১৬
- ১১টি সুইডিশ গ্রিপেন
- মোট যুদ্ধক্ষম বিমান: ১১২টি
- হেলিকপ্টার: কয়েক ডজন
কম্বোডিয়ার বিমান বাহিনীতে মাত্র ১৫০০ সদস্য। তাদের কোনো যুদ্ধবিমান নেই। পুরো বহরে রয়েছে:
- ১০টি পরিবহন বিমান
- ১০টি পরিবহন হেলিকপ্টার
- ১৬টি মাল্টি-টাস্ক হেলিকপ্টার
- এর মধ্যে ৬টি এমআই-১৭ (সোভিয়েত যুগের)
- ১০টি চীনা জেড-৯
নৌবাহিনী
থাইল্যান্ডের নৌবাহিনীতে রয়েছে প্রায় ৭০ হাজার সদস্য। এর অন্তর্ভুক্ত:
- একটি বিমানবাহী রণতরী
- ৭টি ফ্রিগেট
- ৬৮টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ
- ১৪টি ছোট ল্যান্ডিং ক্রাফট
- নিজস্ব হেলিকপ্টার ও ড্রোন ইউনিট
- ২৩ হাজার সদস্যবিশিষ্ট মেরিন কর্পস
এদের অনেকেই উভচর যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। তাদের রয়েছে সশস্ত্র যান ও দ্রুত মোতায়েন ক্ষমতা।
কম্বোডিয়ার নৌবাহিনীতে রয়েছে মাত্র ২৮০০ সদস্য। এর মধ্যে ১৫০০ জন নৌ পদাতিক। বহরে রয়েছে:
- ১৩টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ
- একটি উভচর ল্যান্ডিং ক্রাফট
শক্তির ভারসাম্য একপেশে
সামগ্রিক শক্তির বিচারে থাইল্যান্ড অনেক এগিয়ে। তাদের রয়েছে বিশাল জনবল, আধুনিক অস্ত্র এবং সমন্বিত বাহিনী কাঠামো।
কম্বোডিয়ার শক্তি তুলনামূলকভাবে সীমিত হলেও তারা যুদ্ধের জন্য প্রস্তুত বলেই ধারণা করা হচ্ছে। বর্তমানে সীমান্তে যে উত্তেজনা চলছে, তা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

