পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় একটি সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাবাহিনীর একজন মেজর ও আরও একজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। খবর দিয়েছে জিও নিউজ।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। সংঘর্ষে তিনজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে গোলাগুলির সময় প্রাণ হারান সেনাবাহিনীর মেজর জিয়াদ সেলিম আওয়াল (৩১)। তিনি সম্মুখসারিতে থেকে বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় নিহত হন আরও একজন সদস্য, সিপাহী নাজাম হুসেইন (২২)।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করতে ওই এলাকায় আরও অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের টার্গেট করেই এসব হামলা চালানো হচ্ছে, যার কারণে গোটা অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

