দীর্ঘ রাজনৈতিক জটিলতা ও কূটনৈতিক দ্বিধার অবসান ঘটিয়ে অবশেষে সাহসী পদক্ষেপ নিল ফ্রান্স। বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে ফ্রান্স ঘোষণা দিয়েছে—আগামী সেপ্টেম্বর মাসে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন, যা দ্রুত বিশ্বব্যাপী প্রতিক্রিয়া তৈরি করেছে।
ম্যাক্রোঁ তাঁর বার্তায় লেখেন, “আজকের সবচেয়ে জরুরি প্রয়োজন হলো গাজার যুদ্ধের অবসান, নাগরিকদের উদ্ধার, এবং দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই স্থায়ী শান্তি।”
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে (UNGA) আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের স্বীকৃতির ঘোষণা দেওয়া হবে। এ সিদ্ধান্তের অংশ হিসেবে ফ্রান্স একদিকে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজাকে পুনর্গঠনের কথা বলেছে, অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বাস্তবতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।
জি-৭ (G7) অর্থাৎ বিশ্বের সাতটি বড় শিল্পোন্নত দেশের মধ্যে ফ্রান্সই প্রথম যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এই জোটের অন্য সদস্যরা হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, কানাডা এবং জাপান। এখন পর্যন্ত এদের কেউই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
ম্যাক্রোঁর ঘোষণায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্বাগত জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতির প্রতিফলন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ম্যাক্রোঁ একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এক্স-এ দেওয়া পোস্টে তিনি বলেন, “৭ অক্টোবরের গণহত্যার পর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসের পুরস্কার। এটি ইসরায়েলকে ধ্বংস করার একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে।”
নেতানিয়াহুর দাবি, “ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশে নয়, বরং ইসরায়েলের জায়গায় নিজেদের রাষ্ট্র চায়।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘোষণাকে “দায়িত্বজ্ঞানহীন” বলে আখ্যা দেন এবং জানান, যুক্তরাষ্ট্র এই স্বীকৃতির “প্রবল বিরোধিতা” করছে।
তবে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি সৌদি আরব বলেছে, ফ্রান্সের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের একমত অবস্থানকেই পুনরায় প্রমাণ করে দিয়েছে—ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে।
এই রাজনৈতিক ঘোষণার পেছনে রয়েছে ভয়াবহ এক বাস্তবতা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে—বেশিরভাগই নারী ও শিশু। গোটা গাজা যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA) জানায়, এখন গাজা সিটির প্রতি পাঁচ শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে। আন্তর্জাতিক ১০০টিরও বেশি মানবাধিকার সংস্থা ও দাতা সংস্থা সতর্ক করেছে—গাজায় গণ-অনাহারের পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে।
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, তিনি ফ্রান্স ও জার্মান নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন। তিনি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের “অপরিহার্য অধিকার”কে সমর্থন জানিয়ে বলেন, যুদ্ধবিরতি “দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পথে এগিয়ে নেওয়ার একমাত্র উপায়”।

