ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে পশ্চিমা বিশ্বে আলোচনার ঝড় বইছে। এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন—সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আর তাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এই সিদ্ধান্তকে আখ্যা দিয়েছেন একপ্রকার “সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ” হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমরা এমন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অনুমতি দেব না, যা আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, আমাদের অস্তিত্বকে বিপন্ন করে এবং ইসরাইলি ভূখণ্ডে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে।” তিনি আরও বলেন, “এই গুরুতর হুমকির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব।”
কাটজ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সিদ্ধান্তকে কড়া ভাষায় নিন্দা করে বলেন, এটি “খুনি ও ধর্ষক সংগঠন হামাসকে সমর্থন এবং পুরস্কৃত করার সামিল।”
শুধু প্রতিরক্ষামন্ত্রীই নন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই সিদ্ধান্তকে “সন্ত্রাসকে পুরস্কৃত করার মতো একটি পদক্ষেপ” বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, ফ্রান্সের এই স্বীকৃতি “আরেকটি ইরানি প্রক্সি তৈরি করে তোলার ঝুঁকি বাড়াবে।”
অন্যদিকে, ম্যাক্রোঁ তাঁর বক্তব্যে স্পষ্ট করেছেন, গাজায় চলমান যুদ্ধ থামিয়ে সাধারণ মানুষের ত্রাণ নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি হামাসকে নিরস্ত্রীকরণের পাশাপাশি গাজার পূনর্গঠন এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, “অবশেষে, আমাদের একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়তে হবে। তবে এই রাষ্ট্রের কার্যকারিতা নিশ্চিত করতে হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং ইসরাইলকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে।”
এর আগেও, চলতি বছরের এপ্রিল মাসে ম্যাক্রোঁ বলেছিলেন, ফ্রান্স জুন মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। যদিও তা পিছিয়ে এখন সেপ্টেম্বরের জন্য নির্ধারিত হয়েছে।
উল্লেখযোগ্য যে, চলমান মধ্যপ্রাচ্য সংকটে কিছু পশ্চিমা দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০২৪ সালে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর বহু আগেই, ১৯৮৮ সালে, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
ফ্রান্সের এই সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বে কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

