দুই প্রতিবেশী দেশের পুরনো দ্বন্দ্ব ফের রক্তাক্ত রূপ নিল। থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা এখন সরাসরি সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) পর্যন্ত অন্তত ১৫ জন নিহত এবং এক লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়েছে।
শুক্রবার ভোরে কাম্বোডিয়ার পক্ষ থেকে গোলাগুলি শুরুর অভিযোগ তোলে থাইল্যান্ড। তখন সকাল ৪টা ৩০ মিনিট। এরপর থাই সেনাবাহিনী পাল্টা কামান দাগে। সংঘর্ষ চলে একাধিক সীমান্ত পয়েন্টে—ইউবন রাচথানি ও সুরিন প্রদেশে। শুধু বৃহস্পতিবারই থাইল্যান্ডে কমপক্ষে ১২ জন মারা যান, যাদের বেশিরভাগই বেসামরিক।
থাই সেনাবাহিনীর দাবি, কাম্বোডিয়ার রকেট হামলায় কানথারালাক জেলায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে তারা আরও প্রাণহানির মুখে পড়ে। থাইল্যান্ড পরে F-16 যুদ্ধবিমান ব্যবহার করে কাম্বোডিয়ার অভ্যন্তরে সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়।
কাম্বোডিয়াও পাল্টা অভিযোগ তুলেছে, থাই সেনাবাহিনী ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, যা যুদ্ধ আইনে নিষিদ্ধ।
রয়টার্স ও সিএনএনের ভিডিও ফুটেজে দেখা গেছে, থাই কামান থেকে গুলি বেরিয়ে বিস্ফোরণের শব্দ তুলছে আকাশে। থাই সেনাবাহিনী দাবি করেছে, ড্রোন ব্যবহার করে তারা কাম্বোডিয়ার ভেতরে একাধিক ‘সামরিক লক্ষ্যে’ বোমা ফেলেছে। ভিডিওতে দেখা যায়, বনভূমির মাঝে বিস্ফোরণে আগুন জ্বলে উঠছে।
থাইল্যান্ড-কম্বোডিয়া বিরোধপূর্ণ সীমান্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর ২৪ জুলাই, থাইল্যান্ডের সুরিন প্রদেশের একটি আশ্রয়কেন্দ্রে লোকজন বিশ্রাম নিচ্ছে।
কাম্বোডিয়ার সীমান্তঘেঁষা ওদার মেঞ্চে প্রদেশে বৃহস্পতিবার রাতে আতঙ্কে ঘরছাড়া হয় বহু পরিবার। তারা যা পারছে নিয়ে পালাচ্ছে—কেউ ট্রাকে, কেউবা হেঁটে। রাতের অন্ধকারে ছুটে যাচ্ছে অজানার দিকে।য়
থাইল্যান্ডের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত হয়েছে। সুরিন প্রদেশের এক বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে সাময়িক শিবির, যেখানে মানুষ নিচে চাটাই বিছিয়ে বসে আছে, খাবার খাচ্ছে প্লাস্টিকের পাত্রে।
সেখানে আশ্রয় নেওয়া একজন নারী এনগার্নত্রা প্রানোরাম বলেন, “সবচেয়ে কষ্ট হচ্ছে বয়স্ক আর প্রতিবন্ধীদের জন্য। কেউ কেউ গাড়িতে এসেছে, কিন্তু অনেকের কিছুই নেই—ওদের জন্য এটা নরক।”
কাম্বোডিয়ার ওদার মেঞ্চে অঞ্চলেও অন্তত ৪ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখনো উত্তপ্ত, গোলাগুলি চলছে।
দুই দেশের মধ্যে ৮০০ কিলোমিটার সীমান্ত অঞ্চল নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এই সীমান্ত একসময় ফরাসি উপনিবেশ আমলে নির্ধারিত হয়েছিল, যেখানে ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে। দু’পক্ষই এই ভূমির মালিকানা দাবি করে আসছে।
রাজনৈতিক বিশ্লেষক থিতিনান পংসুধিরাক বলেন, “থাইল্যান্ড মনে করে ফরাসিরা তাদের কিছু জমি কাম্বোডিয়াকে দিয়ে দিয়েছিল। আর কাম্বোডিয়ার দাবি, এসব তাদেরই প্রাচীন সভ্যতার অংশ।”
এখন এই বিতর্ক সামরিক সংঘর্ষে রূপ নিয়েছে। থাইল্যান্ডের সেনাবাহিনী সংখ্যায় ও শক্তিতে অনেক বড়—তাদের সক্রিয় সৈন্য ৩ লাখ ৬১ হাজার, যা কাম্বোডিয়ার তুলনায় তিন গুণ।
সংঘর্ষে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন উভয়েই। থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, যদিও চীন উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রাখে।
এদিকে থাইল্যান্ডের রাজনীতি নিজেই অস্থির। প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রা সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে। একটি ফাঁস হওয়া ফোনালাপে তিনি নিজের সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন, যার সূত্র ধরে তাকে সরানো হয়।
থাইল্যান্ডে বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে, আর সেনাবাহিনী নিজেকে রাজতন্ত্রের রক্ষক হিসেবে উপস্থাপন করে।
দুই দেশের সীমান্তের এই রক্তক্ষয়ী দ্বন্দ্ব শুধু ইতিহাসের দোষেই নয়, বর্তমান রাজনীতির টানাপোড়েনও এর ঘনঘটায় ঘি ঢেলেছে। আর মাঝখানে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ, যারা শুধু শান্তিপূর্ণ জীবনের স্বপ্ন দেখে—রকেট নয়, রাতের ঘুম চায়।