বাংলা ভাষার ওপর চেপে বসা ‘ভাষা-সন্ত্রাস’ নিয়ে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, মাতৃভাষার ওপর যদি আঘাত চলতেই থাকে, তবে প্রয়োজনে আবারও ভাষা আন্দোলনের ডাক দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। বক্তব্যে উঠে আসে বাংলা ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের ওপর চলমান হামলার প্রসঙ্গ।
মমতা বলেন, “মাতৃভাষা শুধু একটি ভাষা নয়, এটি জাতির মেরুদণ্ড। আমাদের শিশু যেমন প্রথম ‘মা’ শব্দটি শেখে, তেমনই আমরা বাংলা ভাষায় বড় হই। অথচ আজ বাংলা ভাষায় কথা বলার অপরাধে কাউকে জেলে যেতে হচ্ছে, কাউকে দেশান্তরি হতে হচ্ছে। এই ভাষা-সন্ত্রাস আর সহ্য করা যাবে না।”
তিনি জানান, “বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। সংখ্যার হিসেবে এটি পৃথিবীর পঞ্চম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভাষা। এই ভাষার মানুষকে যদি বাংলা বলার জন্য অপমান, নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হয়, তবে সমাজকে জাগাতে আবার আন্দোলনে নামতে হবে।”
অনুষ্ঠানে তিনি বাংলা ভাষা ও সংস্কৃতিকে মর্যাদা দেওয়ার আহ্বান জানান। বলেন, “আমি অন্য ভাষাকে অপমান করতে বলছি না। তবে যারা বাংলায় গান গাইছেন, চলচ্চিত্রে কাজ করছেন, তাদের গুরুত্ব দিন। বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, নেতাজি, স্বামী বিবেকানন্দের জন্মভূমি— এই বাংলা ভাষা স্বাধীনতার জন্য লড়েছে, নবজাগরণ শুরু করেছে। সেই বাংলাকে আর অপমান করা যাবে না।”
তার দাবি, “বাংলায় একের পর এক উন্নয়ন দেখে অনেকেই ভয় পেয়েছেন, তাই বঞ্চনার রাজনীতি শুরু হয়েছে। কিন্তু বাংলার মানুষ জানে, তারা কীভাবে তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করতে হয়।”
শেষে মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় কণ্ঠে বলেন, “বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। যদি কেউ বাংলা বলার জন্য কোথাও গ্রেফতার হয়, তবে সেই লড়াই হবে দিল্লির মাটিতে। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে।”

