পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ওয়াশিংটন ডিসিতে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ করলেন দুই দেশের এই শীর্ষ কূটনীতিক। এর আগে তাদের মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছিল।
বৈঠকে ভারত-পাকিস্তান সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক শান্তি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বৈঠকে মার্কো রুবিও বিশ্ব ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন এবং একে “ইতিবাচক ও গঠনমূলক” বলে অভিহিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদেশ গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে। তিনি বলেন, “পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ কিন্তু আমরা শান্তি চাই। আমরা সংঘাত চাই না, বরং সহাবস্থানে বিশ্বাস করি।”
তিনি আরও অভিযোগ করেন, “পাকিস্তানকে বদনাম করতে ও বিশ্বকে বিভ্রান্ত করতে ভারত সন্ত্রাসবাদের মতো বিষয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”
দার বলেন, পাকিস্তান-ভারত যুদ্ধবিরতিতে সহায়তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং তাদের দলকে ধন্যবাদ জানাই। তিনি যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে অর্থনীতি, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন।
দার বলেন, “পাকিস্তান আমেরিকান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। আমাদের অভিন্ন স্বার্থ ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমরা আঞ্চলিক শান্তির জন্য একসাথে কাজ করতে পারি।” তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে বর্ণনা করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, রুবিও বৈঠকে ইরানের সঙ্গে সংলাপে পাকিস্তানের গঠনমূলক ভূমিকা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের আগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে দুই নেতা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করেন।

