থাইল্যান্ডের সঙ্গে চলমান সীমান্ত সংঘর্ষের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। দেশটি বলছে, সংঘর্ষ বন্ধে তারা নিঃশর্তভাবে প্রস্তুত এবং এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। তবে এখন পর্যন্ত থাইল্যান্ড কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত ছিয়া কেও এক বিবৃতিতে জানান, “আমরা অবিলম্বে এবং নিঃশর্তভাবে যুদ্ধবিরতি চাই। আমরা সংঘাত নয়, শান্তি চাই।”
এর আগে থাইল্যান্ড সীমান্তবর্তী আটটি কম্বোডিয়ান জেলায় সামরিক আইন জারি করে। সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার, যা এখনও অব্যাহত রয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে এবং ১০ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়েছে।
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই শুক্রবার সতর্ক করে বলেন, “এই সংঘাত দ্রুতই পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। ইতোমধ্যে ভারী অস্ত্র ব্যবহৃত হচ্ছে এবং সংঘর্ষ ছড়িয়ে পড়েছে ১২টি সীমান্তস্থানে।”
থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে বেসামরিক এলাকায় গোলাবর্ষণের অভিযোগ তুলেছে। অন্যদিকে, কম্বোডিয়া দাবি করছে যে থাই বাহিনী ক্লাস্টার বোমার ব্যবহার করছে, যা বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। আন্তর্জাতিক আইনে ক্লাস্টার বোমা নিষিদ্ধ, তবে থাইল্যান্ড এখনো এই অভিযোগে কোনো মন্তব্য করেনি।
পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠলেও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই সংঘর্ষে এখনো কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন নেই। তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রও এক বিবৃতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উভয় পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

