ইসরায়েলি সেনাবাহিনীর অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। শুক্রবার হাউস অব কমন্সে দেওয়া এক বক্তব্যে তিনি গাজায় খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন।
স্টারমার বলেন, “আমি জানি, গাজায় সৃষ্ট মানবসৃষ্ট খাদ্যসংকট এবং তার ফলে শিশুদের না খেয়ে থাকা কিংবা পানি আনতে গিয়ে মৃত্যুবরণ করার ঘটনাগুলো ব্রিটেনের নাগরিকদের মানসিকভাবে অসুস্থ করে তুলছে।”
তিনি আরো বলেন, “বেসামরিক জনগণ ও শিশুদের দিনের পর দিন ত্রাণ থেকে বঞ্চিত রাখা যায় না। একইভাবে গাজায় মাসের পর মাস ধরে ইসরায়েলি জিম্মিদের বন্দি রাখা এবং একতরফা সামরিক অভিযান চালানোও সমর্থনযোগ্য নয়।”
প্রধানমন্ত্রী স্টারমার জানান, চলমান সংকটে ব্রিটেন বড় অঙ্কের মানবিক সহায়তা পাঠালেও তা গাজার সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছে না। “গাজার জন্য টনের পর টন ত্রাণ পাঠানো হয়েছে। আমরা ইতোমধ্যে কয়েক লাখ পাউন্ড মূল্যমানের খাদ্য ও ওষুধ পাঠিয়েছি। এমনকি চলতি বছর গাজার জন্য আরও ৪০ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত সহায়তা বরাদ্দ দিয়েছি। কিন্তু সীমান্তে ত্রাণ আটকে থাকছে, ফিলিস্তিনিরা না খেয়ে দিন কাটাচ্ছে- এটা মেনে নেওয়া যায় না।”
এই প্রেক্ষাপটে স্টারমার তার সরকারের নতুন পদক্ষেপের কথাও জানান। তিনি বলেন, “গাজার যেসব শিশু গুরুতর চিকিৎসা সহায়তা প্রয়োজন, তাদের যুক্তরাজ্যে এনে চিকিৎসার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ইসরায়েল কিছুটা দেরিতে হলেও বিমান থেকে গাজায় ত্রাণ ফেলার অনুমতি দিয়েছে। আমরা এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত। ইতোমধ্যে জর্ডান সরকারের সঙ্গে এ নিয়ে সমন্বয় হয়েছে এবং তারা এ ক্ষেত্রে আমাদের সহায়তা করবে।”
স্টারমার জোর দিয়ে বলেন, “মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সরকারের অবস্থান দৃঢ়। গাজায় চলমান যুদ্ধ থামাতে আমরা আমাদের মিত্রদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং কার্যকর পদক্ষেপ নিচ্ছি।”

