বিবিসি
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর আসন্ন ভারত সফরকে দুই দেশের সম্পর্কে নতুন সূচনার সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। রোববার দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন তিনি। ক্ষমতায় আসার পর এটিই হবে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।
বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, নেপালের নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ভারতের শীর্ষ নেতৃত্বের এটিই প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।
বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) গত মার্চের নির্বাচনে বড় জয় পেয়ে ক্ষমতায় আসে। তার প্রায় ছয় মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনের মুখে কে পি শর্মা অলির সরকার ক্ষমতা হারায়।
৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি বাণিজ্য এবং নতুন আকাশপথ চালুর মতো বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
গত আগস্টে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হন। সেই দুর্যোগের পর পুনর্গঠন উদ্যোগে ভারতের সহায়তার বিষয়ও আলোচনায় আসতে পারে।
ঘনিষ্ঠ সম্পর্ক, তবু পুরোনো অবিশ্বাস
ভারত ও নেপালের মধ্যে ১ হাজার ৭৫০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বড় অংশ উন্মুক্ত। দুই দেশের মধ্যে জাতিগত, ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কও গভীর।
তবে এই ঘনিষ্ঠতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে অবিশ্বাসও রয়েছে। সীমান্ত ও ভূখণ্ড নিয়ে বিরোধ, নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব বিস্তারের অভিযোগ এবং দিল্লির কথিত ‘বড় ভাইসুলভ’ আচরণ নিয়ে নেপালে বহুদিনের ক্ষোভ রয়েছে।
তার পরও বিশ্লেষকেরা মনে করছেন, বালেন্দ্র শাহর সফর পুরোনো বিরোধ সরিয়ে সম্পর্ক নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি করতে পারে।
নেপালে ভারতের সাবেক রাষ্ট্রদূত রঞ্জিত রায় বিবিসিকে বলেন, নেপালের নতুন নেতৃত্ব অতীতের রাজনৈতিক বোঝা বহন করতে চায় না। তারা উন্নয়ন, কূটনীতি ও অর্থনৈতিক অংশীদারত্বে বেশি গুরুত্ব দিতে আগ্রহী।
তাঁর ভাষায়, নতুন নেতৃত্বকে আগের তুলনায় বেশি বাস্তববাদী এবং কম আদর্শিক মনে হচ্ছে।
সীমান্ত বিরোধ কি উঠবে আলোচনায়
নেপাল ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হওয়ার পর দেশটির রাজনীতি মূলত তিনটি বড় দলের নিয়ন্ত্রণে ছিল—কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল), নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী)।
গত দেড় দশকে দিল্লি এই তিন দলের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। তবে আদর্শগত কারণে নেপালের কমিউনিস্ট দলগুলোকে অনেক সময় চীনের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়েছে। তারাও ভারতের সঙ্গে কয়েকটি পুরোনো দ্বিপক্ষীয় চুক্তিকে অসম বলে সমালোচনা করেছে।
২০১৯ সালে ভারত একটি নতুন মানচিত্র প্রকাশের পর সম্পর্কের টানাপড়েন আরও বেড়ে যায়। ওই মানচিত্রে চীন সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলের কয়েকটি বিতর্কিত এলাকা ভারতের অংশ হিসেবে দেখানো হয়, যেগুলোর ওপর নেপালও মালিকানা দাবি করে।
এর পাল্টা হিসেবে নেপাল নিজেদের নতুন মানচিত্র প্রকাশ করে এবং বিতর্কিত এলাকাগুলো নিজেদের ভূখণ্ড হিসেবে দেখায়।
প্রবীণ নেপালি রাজনৈতিক বিশ্লেষক কানক মণি দীক্ষিত মনে করেন, বালেন্দ্র শাহর উচিত দিল্লির সঙ্গে বৈঠকে সীমান্ত সমস্যাটি উত্থাপন করা।
তাঁর মতে, তাৎক্ষণিক সমাধান সম্ভব না হলেও বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনা শুরু হওয়াটাই গুরুত্বপূর্ণ।
অর্থনীতি ও বাণিজ্যেও বড় প্রত্যাশা
ভারত নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদারদের একটি। দুই দেশের মধ্যে বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৯ বিলিয়ন ডলারের বেশি।
তবে এই বাণিজ্যে ভারতের দিকেই ভারসাম্য বেশি। দীর্ঘদিন ধরে এই বাণিজ্য ঘাটতি নেপালের অসন্তোষের অন্যতম কারণ।
নেপাল ভারত থেকে জ্বালানি, খাদ্যপণ্য ও বিভিন্ন শিল্পপণ্য আমদানি করে। অন্যদিকে গত কয়েক বছরে ভারতের কাছে জলবিদ্যুৎ রপ্তানিও বাড়িয়েছে দেশটি।
২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্প এবং সাম্প্রতিক বন্যার মতো বড় প্রাকৃতিক দুর্যোগের সময় ভারত দ্রুত সহায়তা পাঠিয়েছে। ফলে রাজনৈতিক বিরোধ থাকলেও অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের নির্ভরতা গভীর।
বালেন্দ্র শাহর সফরের অন্যতম বড় পরীক্ষা হবে দিল্লি থেকে তিনি কতটা বাস্তব ও দৃশ্যমান প্রতিশ্রুতি আদায় করতে পারেন।
ভারতের কাছ থেকে পুনর্গঠন, জ্বালানি, অবকাঠামো কিংবা আর্থিক সহায়তায় সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেলে সেটিকে তাঁর সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হতে পারে।
ভারত-চীনের মধ্যে ভারসাম্যের চেষ্টা
ভারত ও চীনের মাঝখানে অবস্থিত নেপাল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির স্থিতিশীলতা ভারতের নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত বলে দিল্লির নীতিনির্ধারকেরা মনে করেন।
একই সময়ে বেইজিংও নেপালে অবকাঠামো, বাণিজ্য ও রাজনৈতিক যোগাযোগ বাড়িয়ে চলেছে।
এই দুই শক্তিধর প্রতিবেশীর মধ্যে ভারসাম্য বজায় রাখা দীর্ঘদিন ধরেই নেপালের পররাষ্ট্রনীতির বড় চ্যালেঞ্জ।
বালেন্দ্র শাহ এখনো নিজে চীন সফর না করলেও ভারত সফরের আগে নভেম্বরের মাঝামাঝি তাঁর দলের ২০ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধিদলকে ১১ দিনের সফরে চীনে পাঠিয়েছেন।
বিবিসির বিশ্লেষণ বলছে, একদিকে দলের প্রতিনিধিদলকে বেইজিং পাঠানো এবং অন্যদিকে নিজের প্রথম দ্বিপক্ষীয় সফরের জন্য দিল্লিকে বেছে নেওয়ার মধ্য দিয়ে ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার বার্তা দিচ্ছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী।
শেষ পর্যন্ত এই সফরের সাফল্য নির্ভর করবে সীমান্ত, অর্থনীতি, জ্বালানি, আকাশপথ এবং পুনর্গঠন সহযোগিতার মতো দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোতে বালেন্দ্র শাহ কতটা বাস্তব অগ্রগতি অর্জন করতে পারেন তার ওপর।

