রাশিয়ার উৎক্ষেপণ কেন্দ্র থেকে ইরান তাদের তৈরি যোগাযোগ স্যাটেলাইট ‘নাহিদ-২’ মহাকাশে পাঠিয়েছে। শুক্রবার (১৯ জুলাই) ভস্তোশ্নি কসমোড্রোম ঘাঁটি থেকে একটি রুশ সয়ুয রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, ১১০ কেজি ওজনের নাহিদ-২ স্যাটেলাইটটি দেশটির নিজস্ব প্রযুক্তি ও প্রকৌশলীদের মাধ্যমে তৈরি। এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করবে এবং মূলত যোগাযোগের জন্য ব্যবহৃত হবে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, “নাহিদ-২ ইরানের মহাকাশ গবেষণার উচ্চাকাঙ্ক্ষা ও সক্ষমতার প্রতিফলন।”
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, সয়ুয রকেটটি মোট ২০টি পেলোড নিয়ে উৎক্ষেপণ করা হয়, যার মধ্যে ছিল দুটি রুশ স্যাটেলাইট, ১৮টি বেসরকারি ক্ষুদ্র কক্ষপথযান এবং ইরানের নাহিদ-২।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইরান ও রাশিয়ার মধ্যে ২০ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। জ্বালানি, বিজ্ঞান, প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণা- এসব খাতে সহযোগিতার আওতায়ই এই উৎক্ষেপণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
রাশিয়ার সয়ুয মিশন প্রোগ্রামের অধীনে বাণিজ্যিকভাবে অন্যান্য দেশের স্যাটেলাইট উৎক্ষেপণের রেওয়াজ রয়েছে। এর আগেও গত বছর নভেম্বরে রাশিয়া ইরান এবং জিম্বাবুয়ের দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল।
তবে ইরানের মহাকাশ কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করে, মহাকাশ গবেষণার আড়ালে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে।
প্রসঙ্গত, গত শুক্রবারই ইরান পরমাণু কর্মসূচি নিয়ে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে বৈঠকে বসে তুরস্কের ইস্তাম্বুল শহরে। সেই আলোচনার ঠিক আগ মুহূর্তেই রাশিয়ার সহায়তায় উৎক্ষেপিত হয় নাহিদ-২।

