যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত দুই দেশে নিহত হয়েছেন অন্তত ৩৩ জন এবং আহত হয়েছেন আরও ১৩০ জনের বেশি। সংঘর্ষে সামরিক সদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকরাও হতাহত হচ্ছেন।
কম্বোডিয়া সরকার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। থাইল্যান্ড সরাসরি আহ্বান না জানালেও দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের মধ্যস্থতা গ্রহণে আগ্রহের ইঙ্গিত দিয়েছে। তবে বাস্তবে সংঘাত বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে তাদের অন্তত ১৩ জন নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জন বেসামরিক ও ৫ জন সেনাবাহিনীর সদস্য। আহত হয়েছেন আরও অন্তত ৭১ জন। অপরদিকে, থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির ২০ জন নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জন বেসামরিক এবং ৬ জন সেনা সদস্য। এই হিসাবে সর্বমোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।
দুই দেশের মধ্যকার শতাব্দীব্যাপী বিরোধের কেন্দ্রে রয়েছে ‘পান্না ত্রিভুজ’ বা ‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ নামে পরিচিত এক ভূখণ্ড। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা যেখানে মিলেছে, সেখানেই অবস্থিত এই অঞ্চল। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এ এলাকায় প্রাচীন মন্দির ও স্থাপনা থাকায় উভয় দেশই এটিকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে।
এই বিরোধের শিকড় খুঁজতে গেলে যেতে হয় ঔপনিবেশিক যুগে। ১৯০৭ সালে ফ্রান্সের অধীনে থাকা কম্বোডিয়ার একটি মানচিত্রে পান্না ত্রিভুজকে কম্বোডিয়ার অংশ হিসেবে দেখানো হয়। থাইল্যান্ড তখনই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। ১৯৫৩ সালে কম্বোডিয়া স্বাধীনতা লাভের পরও মানচিত্রটি অপরিবর্তিত থাকায় বিরোধ আরও ঘনীভূত হয়।
দীর্ঘ কয়েক দশক ধরে চলা সীমান্ত উত্তেজনার কারণে দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক কখনোই গড়ে ওঠেনি। ১৫ বছর আগে একবার সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও চলতি বছরের মে মাসে সংঘাত ফের উসকে ওঠে। সে সময় কম্বোডিয়ার এক সেনা থাই সীমান্তের কাছে নিহত হন। এরপর সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হন থাই সেনা, যার জেরে বৃহস্পতিবার সকালে কম্বোডিয়ার দুইটি সেনা স্থাপনায় বিমান হামলা চালায় থাইল্যান্ড। জবাবে কম্বোডিয়া থাইল্যান্ডের বান নাম ইয়েন প্রদেশে রকেট হামলা চালায়।
এই হামলা-পাল্টা হামলায় দুই দেশের মধ্যে পুরো সীমান্তজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধজাহাজ, ট্যাংক, গোলাবারুদ এমনকি বোমারু বিমানও ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এ পরিস্থিতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ানের বর্তমান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম দু’দেশকে সংঘাত পরিহার করে কূটনৈতিক পথে সমাধানে আহ্বান জানিয়েছেন। এই আহ্বানের প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানালেও দুই দেশের সামরিক মঞ্চে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
বিশ্লেষকদের মতে, পান্না ত্রিভুজের নিয়ন্ত্রণ শুধু ঐতিহাসিক ও ধর্মীয় কারণে নয়, কৌশলগত কারণে দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ। ফলে উভয় দেশই তাদের অবস্থানে অনড়, যা সংঘাতকে দীর্ঘায়িত করছে।
যুদ্ধবিরতির আহ্বান এবং আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘর্ষে হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

