ভারতের বিহারে এক ২৬ বছর বয়সী তরুণী অ্যাম্বুলেন্সের ভেতরে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। সেই সুযোগেই কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনাটি ঘটে গত ২৪ জুলাই, বিহারের গয়ায় অবস্থিত গোধ বায়ার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে। সেদিন রাজ্যের হোম গার্ড বাহিনীর শারীরিক পরীক্ষা চলছিল। পরীক্ষায় অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন ওই তরুণী। পরে উপস্থিত কর্মকর্তারা তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য একটি অ্যাম্বুলেন্স ডাকেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তরুণী অভিযোগ করেছেন- অজ্ঞান অবস্থায় থাকাকালে অ্যাম্বুলেন্সের ভেতরে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে। বিষয়টি জানিয়ে তিনি গয়া জেলার বোধ গায়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত তদন্তে নামে। অভিযুক্তদের শনাক্ত করে কয়েক ঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার ও টেকনিশিয়ান অজিত কুমার।
গয়া পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। সেই ফুটেজে দেখা যায়, অ্যাম্বুলেন্স কোন পথে গেছে এবং কারা এতে ছিলেন। পুলিশ জানায়, ঘটনার পরপরই ভুক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
ঘটনাটি ভারতে নারী নিরাপত্তা এবং জনসাধারণের জন্য নির্ধারিত সেবামূলক পরিবহনে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

