উত্তর ইতালির ব্রেসিয়া শহরের একটি ব্যস্ত হাইওয়েতে আছড়ে পড়ে একটি ছোট আকারের উড়োজাহাজ। মুহূর্তেই তা দাউদাউ করে জ্বলে ওঠে। ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানের চালক এবং তাঁর একমাত্র যাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরের একটি হাইওয়েতে। ফ্রেসিয়া আরজি মডেলের একটি আল্ট্রালাইট উড়োজাহাজ দ্রুতগতিতে হাইওয়েতে ভেঙে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাইলট হয়তো বিমানটিকে জরুরি অবতরণ করাতে চাইছিলেন কিন্তু সফল না হয়ে তা মুখ থুবড়ে পড়ে রাস্তায়।
বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের গ্রাসে পুরো উড়োজাহাজ ছাই হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৭৫ বছর বয়সী চালক সার্জিও রাভাগলিয়া ও তাঁর ৬০ বছর বয়সী সঙ্গী অ্যান মারি ডি স্টেফানো। দুজনেই লম্বার্দি অঞ্চলের রাজধানী মিলানের বাসিন্দা ছিলেন। সার্জিও পেশায় ছিলেন একজন আইনজীবী এবং শৌখিন পাইলট।
দুর্ঘটনার সময় হাইওয়েটি ছিল ব্যস্ত। পাশ দিয়ে চলা কয়েকটি গাড়ি বিমানের আগুনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়। এদের মধ্যে দুটি গাড়ির চালক আহত হন। তবে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। তবে তখন পর্যন্ত পুরো বিমানটি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। বিমানটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটর দপ্তর।
উল্লেখ্য, মাত্র মাস দুয়েক আগেই ভারতেও এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গত জুনে আহমেদাবাদের লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান, যার গন্তব্য ছিল যুক্তরাজ্যের গ্যাটউইক। ওই ঘটনায় প্রাণ হারান ২৬০ জন, যাঁদের মধ্যে ২৪১ জন ছিলেন যাত্রী।

