দক্ষিণ-পূর্ব এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কাম্বোডিয়াকে যুদ্ধ থামাতে আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, উভয় দেশের নেতাদের সঙ্গে তার কথা হয়েছে এবং তারা দ্রুত শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছেন।
রোববার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
বিবিসি মতে, থাই-কাম্বোডিয়া সীমান্তে চলমান গোলাগুলির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, “উভয় দেশ যুদ্ধবিরতি ও শেষ পর্যন্ত শান্তির লক্ষ্যে দ্রুত আলোচনায় বসতে সম্মত হয়েছে।” স্কটল্যান্ডে নিজের ব্যক্তিগত গলফ রিসোর্ট ট্রাম্প টার্নবেরিতে সফরের শুরুতেই তিনি এ মন্তব্য করেন।
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এই যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে তিনি বলেন, “এই ব্যাপারে কাম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ দেখতে চায় থাইল্যান্ড।”
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ জুলাই সীমান্তে গোলাগুলি শুরু হওয়ার পর এ পর্যন্ত কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন যাদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাত চলতে থাকলে যুক্তরাষ্ট্রের পক্ষে এই দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা অব্যাহত রাখা সম্ভব নয়। তবে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় ফিরতে প্রস্তুত।
উল্লেখ্য, আগামী ১ আগস্ট থেকে থাইল্যান্ড ও কাম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ৩৬ শতাংশ কর আরোপের কথা রয়েছে। এর আগেই প্রেসিডেন্ট ট্রাম্প এই বিবৃতি দিলেন।
তবে ট্রাম্প কীভাবে আলোচনায় যুক্ত হলেন তা নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ মাত্র একদিন আগেই থাই পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়ামপংসা বলেন, “আমরা মনে করি এখনই তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রয়োজন নেই।”
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের মধ্যে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছিলেন। কাম্বোডিয়া শনিবারই যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেয় এবং শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানায়।
গলফ রিসোর্টে খেলার ফাঁকে প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানান, তিনি কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফুমথামের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি বলেন, “যখন শান্তি প্রতিষ্ঠিত হবে, তখন আমি উভয় দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার অপেক্ষায় আছি।”
উল্লেখ্য, সীমান্তে চলমান সংঘাতের জন্য দুই দেশ একে অপরকে দায়ী করছে। থাই কর্তৃপক্ষ দাবি করেছে, কাম্বোডিয়া ড্রোনের মাধ্যমে থাই সেনাদের ওপর নজরদারি শুরু করে, যার ফলে সংঘাত শুরু হয়। অন্যদিকে, কাম্বোডিয়ার অভিযোগ, থাই সেনারা একটি পূর্ববর্তী চুক্তি লঙ্ঘন করে একটি খেমার-হিন্দু মন্দির অভিমুখে অগ্রসর হয়।
দুই দেশের এই সীমান্ত বিরোধ এক শতাব্দীরও বেশি পুরোনো। ফরাসি উপনিবেশিক শাসনের সময় সীমানা নির্ধারণকে কেন্দ্র করেই এর সূচনা ঘটে।

