গাজা উপত্যকায় জাতিসংঘের পাঠানো ত্রাণ হামাসের লুটপাটের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইতোপূর্বে ইসরায়েল দাবি করেছিল, হামাস তাদের সামরিক বাহিনীর জন্য জাতিসংঘের ত্রাণ জোরপূর্বক দখল করে নিচ্ছে। তবে রোববার (২৭ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ- এর বরাতে আনাদোলু এজেন্সি জানায়, এমন কোনো প্রমাণ সেনাবাহিনীর কাছে নেই।
হারেৎজ জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর দুই শীর্ষ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আরও দুই সূত্রের মতে, গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম অত্যন্ত কার্যকরভাবে পরিচালিত হয়েছে এবং সাধারণ মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
এই বক্তব্য সরাসরি ইসরায়েলি সরকারের পূর্বের অবস্থানকে অস্বীকার করে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার পূর্বে বলেছিল, হামাস ত্রাণ দখল করে তা সামরিক কাজে ব্যবহার করছে। এই অভিযোগের ভিত্তিতেই ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহে বাধা আরোপ করে।
এই স্বীকারোক্তি এমন সময়ে এলো, যখন আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণ সরবরাহ ইচ্ছাকৃতভাবে বন্ধ করার অভিযোগ জোরালো হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো এটিকে গাজার নাগরিকদের বিরুদ্ধে ‘সম্মিলিত শাস্তি’ হিসেবে আখ্যায়িত করছে।
গত শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও হামাসের ত্রাণ চুরি করার কোনো প্রমাণ খুঁজে পায়নি। তবু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ‘গাজা রিলিফ ফাউন্ডেশন’ নামক একটি বেসরকারি সংস্থাকে সমর্থন জানিয়েছে, যা জাতিসংঘের স্বীকৃত নয়।
গত ২৭ মে থেকে ইসরায়েল জাতিসংঘকে পাশ কাটিয়ে এই ‘গাজা রিলিফ ফাউন্ডেশন’-এর মাধ্যমে নিজস্বভাবে ত্রাণ বিতরণ শুরু করে। আন্তর্জাতিক সংস্থাগুলো এই ব্যবস্থাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে।
এদিকে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া মানুষের ওপর গুলি চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে শত শত সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুর্ভিক্ষ চরমে পৌঁছেছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়- প্রচণ্ড অপুষ্টিতে ভোগা মানুষজন রাস্তার ওপর পড়ে যাচ্ছেন।
শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে আরো পাঁচজন, যার মধ্যে দুই শিশু রয়েছে, মারা গেছে। অক্টোবর থেকে শুরু হওয়া এই সংকটে এখন পর্যন্ত ১২৭ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৮৫ জনই শিশু।
বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) জানায়, গাজায় প্রতি তিনজনের একজন দিনের পর দিন কোনো খাবার পাচ্ছেন না। সংস্থাটি ইসরায়েলের চলমান অবরোধকেই এই মানবিক সংকটের জন্য দায়ী করেছে।
ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এর ফলে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। লাগাতার বোমাবর্ষণে গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, এবং খাদ্যসংকট চূড়ান্ত আকার ধারণ করেছে।
২০২৩ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলমান রয়েছে।

