পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে তারনোল এলাকায় অবস্থিত একটি অবৈধ ও গোপন কসাইখানায় অভিযান চালিয়েছে দেশটির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। অভিযানে ৫০টি জীবিত গাধা ও এক হাজার কেজি গাধার মাংস জব্দ করা হয়েছে। দেশটির গণমাধ্যম জিও নিউজ রোববার (২৭ জুলাই) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ইসলামাবাদ ফুড অথরিটির (আইএফএ) পক্ষ থেকে জানানো হয়, গোপন কসাইখানাটিতে বিপুল পরিমাণ প্যাকেটজাত গাধার মাংস রাখা ছিল, যা রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকেই একজন বিদেশিকে আটক করেছে আইএফএ। অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিচালক ডা. তাহিরা সিদ্দিক জানিয়েছেন, জব্দ করা মাংস ধ্বংস করে ফেলা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
আইএফএ’র মুখপাত্র জানিয়েছেন, কসাইখানাটি বৈধ কোনো লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। বর্তমানে মাংসগুলো কোথায় কোথায় সরবরাহ করা হয়েছে তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থাগুলো।
এরই মধ্যে জানা গেছে, পাকিস্তানে গাধার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর জুন মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে দেশে গাধার সংখ্যা বেড়েছে এক লাখ নয় হাজার। বর্তমানে গাধার সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৪৭ হাজার, যা গত বছর ছিল ৫৯ লাখ ৩৮ হাজার।
বিশেষজ্ঞদের মতে, গাধার সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে চীনের ক্রমবর্ধমান চাহিদা। দেশটিতে গাধার মাংস বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হয়, আর গাধার চামড়া ব্যবহার করা হয় ঐতিহ্যবাহী ওষুধ ‘ই-জিয়াও’ প্রস্তুতে। পূর্বে রপ্তানি প্রক্রিয়ার জটিলতার কারণে চামড়া ও মাংস রপ্তানি বাধাগ্রস্ত হলেও বর্তমানে প্রয়োজনীয় প্রটোকল পূরণ হওয়ায় সে বাধা অনেকটাই কেটে গেছে।
বিশ্বজুড়ে গাধা জবাই নিয়ে উদ্বেগ বাড়ছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনে ‘ই-জিয়াও’ তৈরির জন্য বিশাল চাহিদা রয়েছে। এতে প্রতিবছর প্রায় ৫৯ লাখ গাধার চামড়া প্রয়োজন হয়, যা বৈশ্বিক গাধা জনগোষ্ঠীর ওপর গভীর চাপ সৃষ্টি করছে। প্রাণী কল্যাণ সংস্থা ‘দ্য ডাংকি স্যাংচুয়ারি’ এর তথ্যানুযায়ী, এই চাহিদা ক্রমশ উদ্বেগজনক হারে গাধা জবাই বাড়িয়ে দিচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘চায়না ডেইলি’ জানায়, উত্তরাঞ্চলীয় শানডং প্রদেশে প্রায় তিন হাজার বছর ধরে ই-জিয়াও উৎপাদনের ঐতিহ্য রয়েছে। বর্তমানে চীনে উৎপাদিত ই-জিয়াওয়ের প্রায় ৯০ শতাংশই এই প্রদেশে তৈরি হয়। এই ওষুধটিকে দেশটির ‘জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে বিবেচনা করা হয় এবং এটি ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলেও চীনা গণমাধ্যম জানিয়েছে।

