যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থা আরো কঠোর করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন পরিকল্পনায় নাগরিকত্ব পরীক্ষাকে আরো কঠিন করার পাশাপাশি এইচ-১বি ভিসা নীতিতে পরিবর্তন এনে উচ্চ বেতনের চাকরিদাতাদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এমন উদ্যোগ অভিবাসী তরুণদের সুযোগ সংকুচিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু ২৬ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি জানায়। একই সঙ্গে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস অনুসারে এডলো বলেছেন, “বর্তমান নাগরিকত্ব পরীক্ষাটি খুব একটা কঠিন নয়। মুখস্থ করে সহজেই উত্তর দেওয়া যায়। এতে আইনের প্রকৃত চেতনার প্রতিফলন ঘটে না।”
তিনি জানান, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে চালু হওয়া ২০২০ সালের কঠোর সংস্করণটি আবার চালুর চিন্তা করা হচ্ছে, যেখানে প্রশ্নের সংখ্যা বেশি এবং শর্ত আরো কঠিন ছিল।
তবে কেবল নাগরিকত্ব পরীক্ষাই নয়, এইচ-১বি ভিসা নীতিতেও বড় রকমের পরিবর্তন আনতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রতিবছর যুক্তরাষ্ট্র ৮৫ হাজার বিদেশি পেশাজীবীকে এইচ-১বি ভিসা দেয়। নতুন প্রস্তাবে বলা হয়েছে, আবেদনকারীদের বেতনকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।
এ বিষয়ে এডলো বলেন, “এইচ-১বি ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত যুক্তরাষ্ট্রের ব্যবসা, অর্থনীতি এবং কর্মসংস্থান ব্যবস্থাকে সহায়তা করা- কাউকে বাদ দেওয়া নয়।”
তবে এই প্রস্তাব নিয়ে উদ্বেগও আছে। বিশ্লেষকেরা বলছেন, উচ্চ বেতনের ভিত্তিতে এইচ-১বি ভিসা দেওয়া হলে তরুণ ও উচ্চ শিক্ষিত অভিবাসীরা পিছিয়ে পড়তে পারেন। ক্যাটো ইনস্টিটিউটের অভিবাসন গবেষণা পরিচালক ডেভিড বিঅর বলেন, “এভাবে চললে অভিজ্ঞ কিন্তু অবসরের দ্বারপ্রান্তে থাকা কর্মীরাই অগ্রাধিকার পাবেন। অথচ তারাই হয়তো অচিরেই দেশ ছাড়বেন বা অবসর নেবেন।”
তিনি নাগরিকত্ব পরীক্ষাকে সহজ বলা নিয়েও বিস্ময় প্রকাশ করে বলেন, “বেশিরভাগ আমেরিকানই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না।”
এদিকে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ) এইচ-১বি ভিসা নির্বাচনের লটারিভিত্তিক পদ্ধতি বাতিল করে বেতনভিত্তিক পদ্ধতির প্রস্তাব বিবেচনা করছে। ইনস্টিটিউট ফর প্রোগ্রেস বলছে, এই পরিবর্তনে এইচ-১বি কর্মসূচির অর্থনৈতিক প্রভাব প্রায় ৮৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
অবশ্য বৈধ অভিবাসনের পক্ষে অবস্থান নিয়েছেন ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো। রিপাবলিকানদের কড়া অবস্থানের মধ্যেও তিনি বলেন, “যদি দেখা যায় কেউ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক লক্ষ্যে ভূমিকা রাখতে পারেন, তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া উচিত। মোটের ওপর এটি অবশ্যই ইতিবাচক হওয়া উচিত।”
তবে এসব বড় ধরনের পরিবর্তন আনতে হলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং অন্যান্য ফেডারেল সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। বর্তমানে এ বিষয়গুলো নিয়ে দুই দলের মধ্যে আলোচনা চলছে।

