মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি বিদেশি শ্রমিক ও অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার (২৭ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, গত ১৭ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে দেশজুড়ে পরিচালিত ধারাবাহিক অভিযানে মোট ২২ হাজার ৫০০ জন প্রবাসীকে আটক করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি বাহিনীর যৌথ উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। মন্ত্রণালয় জানিয়েছে, এটি দেশজুড়ে চলমান আইন প্রয়োগ কার্যক্রমেরই একটি অংশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৮০০ জন আবাসন আইন লঙ্ঘনের, ৫ হাজার ২০০ জন সীমান্ত নিরাপত্তা আইনের এবং ৩ হাজার ৪০০ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হন। এ ছাড়া ১ হাজার ৯৮৭ জন প্রবাসীকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়, যাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ইথিওপিয়ান নাগরিক ৬১ শতাংশ এবং ইয়েমেনি নাগরিক ৩৮ শতাংশ। পাশাপাশি, সৌদি আরব ত্যাগের চেষ্টা করছিলেন এমন ৪০ জনকেও আটক করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে আরও জানা যায়, বসবাসের নিয়ম ও কর্মবিধি লঙ্ঘনকারীদের সহায়তা, আশ্রয় এবং পরিবহনের দায়ে দেশটিতে বসবাসরত আরও ১৫ জনকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। বর্তমানে সৌদি আরবে থাকা প্রায় ১৮ হাজার ৩০০ জন অভিবাসীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ১৫ হাজার ৭০০ জন পুরুষ ও ২ হাজার ৫০০ জন নারী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রায় ১১ হাজার জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে, যাতে তারা প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ করতে পারে। একই সময়ে আরো ১১ হাজার অভিবাসীকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশ বা তাতে সহায়তার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে একাধিকবার সতর্কতা জারি করেছে।
বর্তমানে সৌদি আরবে বসবাসরত মানুষের সংখ্যা প্রায় ৩ কোটি ৪৮ লাখ। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই হলো বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিক, যারা নির্মাণ, সেবা, কৃষি ও গৃহস্থালি খাতে কাজ করে থাকেন। সৌদি গণমাধ্যমগুলো নিয়মিতভাবে এসব অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান ও আইন প্রয়োগের খবর প্রকাশ করছে।

