মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে শুক্রবার এক রোমহর্ষক পরিস্থিতির মুখে পড়ে একটি যাত্রীবাহী বিমান। আরেকটি বিমানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে মাঝ আকাশেই কয়েকশ ফুট নিচে নেমে আসে সাউথইস্ট এয়ারলাইন্সের ফ্লাইটটি। হঠাৎ পতনের কারণে যাত্রীদের অনেকে তাদের আসন থেকে ছিটকে পড়েন, দুইজন ক্রু আহত হন, তবে কোনো যাত্রী গুরুতর আহত হননি।
ঘটনাটি ঘটে সাউথইস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, যা ক্যালিফোর্নিয়ার বুরব্যাংক থেকে উড্ডয়ন করে লাস ভেগাসের দিকে যাচ্ছিল। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই অনবোর্ড ট্রাফিক অ্যালার্ট সিস্টেম পাইলটকে সতর্ক করে। এর জবাবে পাইলট বিমানটি হঠাৎ করে উপর থেকে নিচে নামিয়ে আনেন, যাতে সম্ভাব্য সংঘর্ষ এড়ানো যায়।
মার্কিন কমেডিয়ান জিমি ডোর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন, ওই বিমানে যাত্রীদের অনেকে এমন আচমকা কমে যাওয়া উচ্চতার কারণে সিট থেকে উঠে সিলিংয়ে আঘাত পান। তিনি আরও জানান, বিমানটি খুবই আগ্রাসী গতিতে নিচে নেমে আসে।
পরে পাইলট যাত্রীদের উদ্দেশে ঘোষণা দিয়ে জানান, সংঘর্ষ এড়াতেই তাকে এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সাউথইস্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটের ট্রাফিক সতর্কতা অনুযায়ী বিমানের উচ্চতা তাৎক্ষণিক পরিবর্তন করে নিরাপদ পথ বেছে নেওয়া হয়েছিল এবং বিমানটি পরে নিরাপদেই লাস ভেগাসে অবতরণ করে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার জানায়, যে রুটে সাউথইস্ট এয়ারলাইন্সের ফ্লাইটটি চলছিল, একই রুটে ছিল একটি হকার হান্টার এমকে৫৮ মডেলের যুদ্ধবিমান। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি একটি বেসরকারিভাবে পরিচালিত বিমান ছিল।

