যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বহুল প্রত্যাশিত বাণিজ্য চুক্তি অবশেষে বাস্তবায়িত হলো। স্কটল্যান্ডের টার্নবেরিতে একান্ত বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। আলোচনা শেষে ঘোষণা আসে—ইউরোপ থেকে আমেরিকায় রপ্তানিকৃত সব পণ্যের ওপর ১৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প শুরুতে ৩০ শতাংশ ট্যারিফের হুমকি দিয়েছিলেন। তাই অনেকের চোখে এই ১৫ শতাংশই একধরনের আপস। তার বদলে ইউরোপও যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট পণ্যের উপর শূন্য শুল্ক আরোপে সম্মত হয়েছে।
চুক্তিটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এটি সবার জন্য ভালো একটা চুক্তি। আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।” অন্যদিকে ভন ডার লেইন একে বলছেন, “এটি বিশাল অগ্রগতি। আলোচনা কঠিন ছিল, কিন্তু ফলটা ইতিবাচক।”
চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে—বিশেষত আমেরিকান সামরিক যন্ত্রপাতি ও জ্বালানি খাতে। এ ছাড়া ৭৫০ বিলিয়ন ডলার ব্যয় করা হবে আমেরিকান তরল প্রাকৃতিক গ্যাস, তেল ও পারমাণবিক জ্বালানিতে, যা ইউরোপের রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমাতে সহায়তা করবে।
তবে সব পণ্যের ওপরই ট্যারিফ বসছে না। বিমান ও বিমানের যন্ত্রাংশ, কিছু রাসায়নিক এবং নির্দিষ্ট কৃষিপণ্য ট্যারিফের বাইরে থাকবে। পাশাপাশি, চিপস বা সেমিকন্ডাক্টর নিয়ে আরেকটি চুক্তি শিগগিরই আসতে পারে।
তবে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর বিশ্বব্যাপী যে ৫০ শতাংশ শুল্ক ট্রাম্প এর আগেই চালু করেছিলেন, সেটি বহাল থাকবে বলে জানানো হয়েছে।
ভন ডার লেইন বলেন, “এই অগ্রগতির জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। তিনি কঠোর আলোচক, তবে একজন বাস্তববাদী সিদ্ধান্তগ্রহণকারীও।”
এই চুক্তিকে দুই পক্ষই নিজেদের বিজয় হিসেবে দেখাতে পারছে। ইইউ হয়তো যুক্তরাজ্যের মতো ১০ শতাংশ ট্যারিফ আদায় করতে পারেনি, কিন্তু জাপানের সমপর্যায়ের ১৫ শতাংশেই থেমেছে—যা অনেকের মতে সম্ভাব্য ক্ষতির চেয়ে অনেকটাই ভালো।
মার্কিন অর্থ দপ্তরের হিসাবে, এই চুক্তির মাধ্যমে বছরে প্রায় ৯০ বিলিয়ন ডলারের শুল্ক রাজস্ব আসবে যুক্তরাষ্ট্রের কোষাগারে। এর বাইরেও ইউরোপীয় বিনিয়োগ বাড়ার ফলে দেশটির জ্বালানি ও প্রতিরক্ষা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে।
তবে ইউরোপের দিক থেকে লাভ কতটা তা স্পষ্ট নয়। ভন ডার লেইনের বক্তব্যে “বাণিজ্য ভারসাম্য পুনঃস্থাপন”-এর কথা উঠে এলেও, ইইউ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সেবা খাতে বড় ক্রেতা হিসেবে নিজেদের অবস্থান দেখিয়ে আসছে।
অনেক বিশ্লেষকের মতে, ভন ডার লেইন ট্রাম্পের ভাষাতেই কথা বললেন, যাতে চুক্তিটি আটকে না যায়।
এমন এক ঐতিহাসিক মুহূর্তে ট্রাম্প টার্নবেরির গলফ কোর্সে ১৮ হোল খেলে বিশ্রামে ছিলেন। তার সঙ্গে ছিলেন ছেলে এরিকসহ পরিবারের অন্যান্য সদস্যরাও।
২০২৪ সালে ইইউ-যুক্তরাষ্ট্রের মধ্যে মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৯৭৬ বিলিয়ন ডলার। এর মধ্যে আমেরিকা ইউরোপ থেকে আমদানি করেছে ৬০৬ বিলিয়ন ডলারের পণ্য, আর রপ্তানি করেছে ৩৭০ বিলিয়নের মতো। এই বাণিজ্য ঘাটতি বরাবরই ট্রাম্পের নজরে ছিল। তার মতে, এমন ভারসাম্যহীনতা মানে আমেরিকার লোকসান।
যদি ট্রাম্প ৩০ শতাংশ শুল্ক আরোপে অটল থাকতেন, তবে স্পেনের ওষুধ, ইতালির চামড়াজাত পণ্য, জার্মানির ইলেকট্রনিকস, ফ্রান্সের পনির—সবকিছুর দামই হু হু করে বাড়ত।
জবাবে ইইউ-ও প্রস্তুত ছিল পাল্টা ব্যবস্থা নিতে—মার্কিন গাড়ির যন্ত্রাংশ, বোয়িং বিমান ও গরুর মাংসে শুল্ক বসানোর হুমকি ছিল তাদের।
চুক্তির খবর শুনে ইউরোপীয় নেতাদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিখায়েল মার্টিন বললেন, “আগের চেয়ে ট্যারিফ বেশি হওয়ায় বাণিজ্য আরও ব্যয়বহুল ও জটিল হবে।” উল্লেখ্য, আয়ারল্যান্ড ইউরোপের মধ্যে আমেরিকার ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল রপ্তানি বাজার হিসেবে বিবেচিত।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ এক্সে লিখেছেন, “স্থিতিশীল ও পূর্বাভাসযোগ্য বাণিজ্য সম্পর্ক সবার জন্যই ভালো—ব্যবসা ও ভোক্তা উভয়ের জন্য।”
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, বিস্তারিত দেখার পর মন্তব্য করবেন।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সোমবার টার্নবেরিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছেন। মঙ্গলবার ট্রাম্প যাবেন অ্যাবারডিনে, যেখানে তার পরিবারের আরেকটি গলফ কোর্স রয়েছে এবং তৃতীয়টি খোলার প্রস্তুতি চলছে।
সব মিলিয়ে বলা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বৃহত্তম বাণিজ্য চুক্তি’ উদযাপন এখন পুরোদমে চলছে। ইউরোপ শর্ত মেনে নিয়েছে, আমেরিকা পেয়েছে রাজস্ব ও বিনিয়োগ—বিশ্ব বাণিজ্য নতুন এক বাস্তবতায় পা রাখলো আজ।

