২০২৩ সালের বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কে বিপুল প্রাণহানির পর গুগলের ভূমিকম্প সতর্কতা ব্যবস্থার ব্যর্থতা প্রকাশ পেয়েছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল স্বীকার করেছে, ওই সময়ে তাদের অ্যান্ড্রয়েড ভিত্তিক আগাম সতর্কতা সিস্টেম আশানুরূপ কার্যকর হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ ওই ভূমিকম্পে তুরস্কে অন্তত ৫৫ হাজার মানুষ প্রাণ হারান। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১৫৮ কিলোমিটার এলাকার অন্তত ১ কোটি মানুষকে আগাম সতর্ক করা সম্ভব ছিল। তবে বাস্তবে মাত্র ৪৬৯ জনকে সর্বোচ্চ পর্যায়ের ‘টেক অ্যাকশন’ সতর্কতা পাঠানো হয়, যা সাধারণত প্রাণনাশী ভূমিকম্পে উচ্চ শব্দে অ্যালার্ম বাজিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
বিবিসি জানায়, ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্কে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি ছিল ৭.৮ মাত্রার, যা ভোর ৪টা ১৭ মিনিটে ঘটে। অধিকাংশ মানুষ তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। এই সময় ‘টেক অ্যাকশন’ সতর্কতা কার্যকর হলে অনেককে নিরাপদ আশ্রয়ে নেওয়া যেত।
গুগল জানিয়েছে, কম্পনের প্রকৃত মাত্রা শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় সতর্কতা ব্যবস্থা ঠিকমতো সক্রিয় হয়নি। সিস্টেমটি কম্পন মাত্রা ৪.৫ থেকে ৪.৯ হিসেবে নির্ধারণ করে, যদিও প্রকৃত মাত্রা ছিল ৭.৮। পরবর্তী ভূমিকম্পের সময় কিছুটা উন্নতি হয়; ৮ হাজার ১৫৮ জনকে ‘টেক অ্যাকশন’ ও প্রায় ৪০ লাখ মানুষকে হালকা সতর্কবার্তা পাঠানো সম্ভব হয়।
এই ব্যর্থতার পর গুগল তাদের অ্যালগরিদমে পরিবর্তন আনে এবং ভূমিকম্পটি সিমুলেট করে দেখে, নতুন সংস্করণে অন্তত ১ কোটি মানুষকে আগাম সতর্কবার্তা দেওয়া যেত। তদুপরি, ৬ কোটি ৭০ লাখ মানুষকে ‘বি অ্যাওয়ার’ বার্তা পাঠানো সম্ভব হতো।
গুগলের এই প্রযুক্তি “অ্যান্ড্রয়েড আর্থকুয়াক অ্যালার্টস” (এইএ) মূলত অ্যান্ড্রয়েড ফোনের সেন্সর ব্যবহার করে ভূমিকম্পের কম্পন শনাক্ত করে। তবে এই প্রযুক্তি এখনো পরীক্ষাধীন এবং স্বয়ংসম্পূর্ণ নয়। গুগল জানিয়েছে, এটি কোনো দেশের জাতীয় সতর্কতা ব্যবস্থার বিকল্প নয়, বরং একটি সম্পূরক প্রযুক্তি।
বিজ্ঞানীদের মতে, গুগলের সতর্কতা ব্যবস্থার এই ব্যর্থতা নীতিগত ও প্রযুক্তিগত প্রশ্ন তুলে দেয়। কলোরাডো স্কুল অব মাইনসের অধ্যাপক এলিজাবেথ রেড্ডি বলেন, “দুই বছর পর এই তথ্য প্রকাশ হতাশাজনক। এখানে হাজারো মানুষ মারা গেছে, অথচ গুগলের সিস্টেম সাড়া দেয়নি।” অন্যদিকে, প্যাসিফিক নর্থওয়েস্ট সিসমিক নেটওয়ার্কের পরিচালক হ্যারল্ড টোবিন বলেন, “গুগলের সতর্কতা যদি মানুষকে নিশ্চিন্ত করে ফেলে, তাহলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে।”
বর্তমানে গুগলের এই সতর্কতা প্রযুক্তি ৯৮টি দেশে চালু রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গুগলের কাছে জানতে চেয়েছে, ২০২৫ সালের মিয়ানমারের ভূমিকম্পে এই ব্যবস্থা কতটা কার্যকর ছিল- তবে এখন পর্যন্ত কোনো জবাব মেলেনি।

