সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। পার্লামেন্ট পুনর্গঠনের এই উদ্যোগ চলমান রাজনৈতিক অনিশ্চয়তা ও সহিংসতার মধ্যেই নেওয়া হলো, যা দেশটির ভবিষ্যৎ রূপান্তর প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।
সিরিয়ার গণপরিষদ নির্বাচন কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমদ জানিয়েছেন, আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান।
গত বছর ডিসেম্বরের বিদ্রোহে পতন ঘটে দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। এরপর দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। তাঁর শাসনের অবসান ও নতুন অন্তর্বর্তী শাসনের সূচনার পর এটাই হতে যাচ্ছে প্রথম সংসদ নির্বাচন।
নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে ইআরইএম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন কমিটির সদস্য হাসান আল-দাঘিম বলেন, প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠন করে ভোটগ্রহণ করা হবে।
সিরিয়ার পার্লামেন্টে মোট ২১০টি আসন রয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এক-তৃতীয়াংশ আসনে সদস্য মনোনীত করবেন। বাকি আসনগুলো সরাসরি ভোটের মাধ্যমে পূরণ করা হবে।
চলতি বছরের মার্চ মাসে অন্তর্বর্তী সংবিধানে একটি ‘পিপলস কমিটি’ গঠনের কথা বলা হয়। নতুন সংবিধান অনুমোদিত না হওয়া এবং পূর্ণাঙ্গ নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটি অন্তর্বর্তী পার্লামেন্ট হিসেবে কাজ করবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পুরো রূপান্তর প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে।
তবে এ নির্বাচনের ঘোষণা এমন এক সময় এলো, যখন দেশজুড়ে নতুন শাসকদের গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক ও অসন্তোষ বাড়ছে। বিশেষ করে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ায় জনমনে শঙ্কা সৃষ্টি হয়েছে।
দুই সপ্তাহ আগে সুয়েইদায় অস্ত্রধারী বেদুইন গোষ্ঠী ও দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু যোদ্ধাদের মধ্যে পাল্টাপাল্টি অপহরণের মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে কয়েক শ মানুষ নিহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলে সরকারি বাহিনী সেখানে গেলে স্থানীয়রা অভিযোগ করেন, বাহিনী মূলত বেদুইনদের পক্ষেই অবস্থান নিয়েছে। বিভিন্ন খবরে বলা হয়, সেনারা বেসামরিক দ্রুজদের হত্যা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাটে জড়িত ছিল।
এই পরিস্থিতিতে দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার অজুহাতে ইসরায়েল সিরিয়ার সরকারি বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিমান হামলা চালায়।
এই সহিংসতা ও বিভক্তির মধ্যে নির্বাচন আয়োজনকে অনেকেই রাজনৈতিক স্থিতিশীলতা আনার প্রয়াস হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে বিরোধী শক্তিকে কোণঠাসা করার মাধ্যম হিসেবে সন্দেহ করছেন।
তবে সুস্পষ্ট বিষয় হলো, আসাদের পতনের পর দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তায় থাকা দেশটি এক ধরনের রাজনৈতিক রূপান্তরের দ্বারপ্রান্তে রয়েছে, যার ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও শান্তিপূর্ণ বাস্তবায়নের ওপর।

