মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন থামছেই না। এবার সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ। তেহরানকে উদ্দেশ্য করে দেওয়া এই প্রকাশ্য হুমকিতে স্পষ্ট হয়ে উঠছে—দুই দেশের দ্বন্দ্ব নতুন করে ভয়ানক মোড় নিতে চলেছে।
গতকাল রবিবার (২৭ জুলাই), ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, “আমি এখান থেকেই স্বৈরশাসক খামেনিকে সরাসরি একটা বার্তা দিতে চাই। যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান, তাহলে আমাদের দীর্ঘ হাত এবার শুধু তেহরান পর্যন্তই নয়—সরাসরি আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে।”
এই মন্তব্য ইসরায়েলের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে উদ্ধৃত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে ইরানের তরফ থেকে এখনো এই হুমকির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
এই হুমকি হঠাৎ করে আসেনি। গত ১৩ জুন, ইসরায়েল হঠাৎ করেই ইরানের অভ্যন্তরে সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করে। ইরানও পাল্টা জবাব দেয়—দুই দেশের মধ্যে টানা ১২ দিন ধরে চলে সংঘর্ষ।
এই সংঘাতে যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়ে। তারা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে ইরান হামলা চালায় কাতারে অবস্থিত মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি ‘আল উদেইদ’-এ। এই পাল্টাপাল্টি হামলায় গোটা অঞ্চল যুদ্ধের কিনারায় পৌঁছে যায়।
শেষমেশ ২৪ জুন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হয় একটি হালকা যুদ্ধবিরতি। কিন্তু রবিবারের এই হুমকি—যেখানে সরাসরি খামেনিকে টার্গেট করা হয়েছে—সে অবকাশ যে বেশিক্ষণ টিকবে না, এমন ইঙ্গিতই দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই প্রকাশ্য হুমকি নিছক বাগাড়ম্বর নয়। এটি একদিকে যেমন তেহরানকে চাপে ফেলতে চায়, অন্যদিকে ইসরায়েলি জনমতেও যুদ্ধোন্মুখ সুরকে উসকে দিচ্ছে। প্রশ্ন উঠছে—এটা কি আবারও নতুন করে যুদ্ধের সঙ্কেত?
আপাতত তেহরানের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যে ফের চড়ছে, তা আর অস্বীকার করার উপায় নেই।

