— চিদাম্বরমের বক্তব্যে উত্তপ্ত ভারতীয় সংসদ
ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেস নেতা পি. চিদাম্বরম জানিয়েছেন, কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততার কোনও প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। তাঁর এই বক্তব্য ঘিরে দেশটির রাজনীতিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন বিজেপি কংগ্রেসের এই অবস্থানকে পাকিস্তানের প্রতি পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেছে।
চিদাম্বরমের মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পার্লামেন্টে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে উত্তপ্ত বিতর্ক চলছে। সোমবার (২৮ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পেহেলগাম হামলার পেছনে দেশীয় সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে বলে দাবি করেন চিদাম্বরম। তিনি বলেন, “সরকার এখনও জানায়নি এনআইএ কী তদন্ত করেছে, কিংবা হামলাকারীরা কোথা থেকে এসেছে। যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে তারা দেশীয় সন্ত্রাসীও হতে পারে। পাকিস্তান থেকে এসেছে এমন কোনও প্রমাণ নেই।”
এই বক্তব্য তিনি দেন অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য কুইন্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে তিনি আরো বলেন, “কেন সবাই ধরে নিচ্ছেন, হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে? সরকারকে তথ্য উন্মুক্ত করতে হবে।”
চিদাম্বরমের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের আইটি সেল প্রধান অমিত মালব্য বলেন, “পি. চিদাম্বরম আবারো প্রমাণ করলেন যে, কংগ্রেস পাকিস্তানকে ক্লিনচিট দিতে মরিয়া। পেহেলগামের মতো ভয়াবহ হামলার পরেও কংগ্রেস ভারতের বিরোধীদের মতো নয়, বরং ইসলামাবাদের পক্ষের আইনজীবীর মতো কথা বলছে।” তিনি আরো বলেন, “জাতীয় নিরাপত্তার প্রশ্নে কংগ্রেস বারবার অস্পষ্ট অবস্থান নেয়, যা শত্রুকে উৎসাহিত করে।”
সরকারি ভাষ্যে দাবি করা হয়েছে, পেহেলগাম হামলায় ২৬ জন নিরীহ মানুষকে ঠাণ্ডা মাথায় হত্যা করে পাকিস্তানি সন্ত্রাসীরা। তবে চিদাম্বরম এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, সরকার ‘অপারেশন সিন্দুর’-এর প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন করছে। তিনি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধেও উইনস্টন চার্চিল প্রতিদিন ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতেন। এখন কেন সরকার সত্য গোপন করছে?”
তিনি আরো বলেন, “সংসদ তো গণতন্ত্রের মন্দির- সেখানে কেন অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করা হচ্ছে না? প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় বক্তব্য দিচ্ছেন, জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন, কিন্তু সংসদে নীরবতা পালন করছেন। এর কারণ কী?”
চিদাম্বরম আরো দাবি করেন, যুদ্ধবিরতির ঘোষণা ভারত সরকার নয়, দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সরকার হয়তো অস্বস্তিতে আছে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত কীভাবে এলো। তাই সংসদে আলোচনা এড়িয়ে যাচ্ছে।”
এই মন্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি নেতা অমিত মালব্য বলেন, “চিদাম্বরম সেই ব্যক্তি, যিনি অতীতে ‘গেরুয়া সন্ত্রাস’ তত্ত্বের প্রবক্তা ছিলেন। কংগ্রেস বারবার পাকিস্তানকে রক্ষা করার জন্য পেছনের দিকে ঝুঁকে পড়ে- এটি এখন আর গোপন কিছু নয়।”
এই বিতর্কের মধ্যেই সংসদে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। বিরোধী দল এই ইস্যুতে খোলামেলা আলোচনা দাবি করলেও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

