দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার একটি আর্টিলারি ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। সীমান্তসংলগ্ন ওই ঘাঁটিটি আর্টিলারি হামলার জন্য ব্যবহার হচ্ছিল বলে দাবি করেছে রয়্যাল থাই আর্মি। থাই বাহিনীর ভাষ্যমতে, এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ ছিল। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ার সীমান্তঘেঁষা সুরিন প্রদেশের একটি ভবন থেকে কম্বোডীয় সেনারা ভারী অস্ত্রের সাহায্যে থাই ভূখণ্ডে হামলা চালাচ্ছিল। প্রতিক্রিয়ায় ভবনটিতে হামলা চালানো হয়। সেনাবাহিনীর মতে, ভবনটি ফাঁকা ছিল এবং কোনো বেসামরিক ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন না।
ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সীমান্তের ওপারে অবস্থিত একটি ভবনে থাইল্যান্ডের সেনাবাহিনী কামান ছুঁড়ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থাই বাহিনী পক্ষ থেকে ব্যাখ্যা দিয়ে জানানো হয়, এটি একটি সামরিক প্রতিক্রিয়া এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা ছিল।
থাই বাহিনী আরও দাবি করে, সংশ্লিষ্ট ভবনটি আগে একটি ক্যাসিনো ছিল, তবে বর্তমানে সেটিকে কামান হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ভবনটিতে বেসামরিক কেউ ছিল না বলেও জানায় তারা।
রয়্যাল থাই আর্মি কম্বোডীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেছে, তারা বারবার বেসামরিক ভবন ব্যবহার করে থাইল্যান্ডে হামলা চালাচ্ছে, যা মানবঢালের কৌশল হিসেবে বিবেচিত। এই অভিযোগ নতুন করে দুই দেশের সীমান্ত উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে।

