ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। সোমবার (২৮ জুলাই) গোষ্ঠীটির সামরিক শাখা এক বিবৃতিতে চতুর্থ পর্যায়ের এই অবরোধের কথা জানায়। বিবৃতিতে হুথিরা ইসরায়েলগামী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্বের নৌ অবরোধ ঘোষণা করছি। এই অবরোধ চলাকালে লোহিত সাগর হয়ে ইসরায়েলি বন্দরের দিকে যাওয়া যেকোনো কোম্পানির জাহাজ আমাদের হামলার লক্ষ্যবস্তু হবে। এতে ওই কোম্পানির নাম কিংবা তা কোন দেশের- এসব বিবেচনায় নেওয়া হবে না।”
বিশ্বজুড়ে জাহাজ পরিচালনাকারী প্রতিটি কোম্পানিকে সতর্ক করে হুথিরা বলেছে, “এই বিবৃতি প্রকাশের সঙ্গে সঙ্গে আপনারা যেন যত দ্রুত সম্ভব ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে সব ধরনের চুক্তি ও সমঝোতা স্থগিত করেন। অন্যথায় আপনার জাহাজ যেকোনো সময়, যেকোনো স্থানে আমাদের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে।”
বিবৃতিতে আcvf বলা হয়, “এই নৌ অবরোধ এড়াতে চাইলে বিশ্বকে অবশ্যই ইসরায়েলের ওপর চাপ বাড়াতে হবে যেন তারা গাজায় তাদের আগ্রাসন ও দখল বন্ধ করে। গাজায় বর্তমানে যা চলছে, তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।”
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস হঠাৎ ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। সেই ঘটনার পর থেকেই ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে। এখন পর্যন্ত এই অভিযানে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি।
হুথি গোষ্ঠী গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে প্রথমবারের মতো ২০২৩ সালের নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দেয়। এবার তা আরও এক ধাপ বাড়িয়ে চতুর্থ পর্যায়ের অবরোধ ঘোষণা করা হলো।

